নেপালের হড়পা বাণ বিপর্যয়ে গভীর শোকপ্রকাশ প্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, নিজের এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, “নেপালের হড়পা বানে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাতে আমি গভীরভাবে শোকাহত।... আমি নেপালের জনগণের পাশে আছি।“
এর আগে নেপালের (Nepal) প্রাকৃতিক বিপর্যয়ের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী হিসেবে সমবেদনা প্রকাশ করেছিলেন মমতা। বাংলার পর্যটকদের ফিরিয়ে আনতে নিজে উদ্যোগ নিয়েছিলেন তিনি। বুধবার, হড়পা বানে চূড়ান্ত বিপর্যস্ত নেপালে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে একের পর এক শহর ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৯। এই পরিস্থিতিতে স্যোশাল মিডিয়ায় পোস্ট করে শোকজ্ঞাপন করেন মমতা।
নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) মমতা লেখেন,
“নেপালের হড়পা বাণে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাতে আমি গভীরভাবে শোকাহত।
যাঁরা স্বজন হারিয়েছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং যাঁরা এখনও নিখোঁজ, তাঁরা যেন নিরাপদে ফিরে আসেন—সেই প্রার্থনা করছি। পাশাপাশি, যাঁরা আটকা পড়েছেন, তাঁদের কাছে পৌঁছানোর জন্য উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।“
বিপর্যস্ত পরিস্থিতিতে নেপালের মানুষের পাশে থাকার বার্তা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “বাড়িঘর, পরিকাঠামো ও জনবসতির যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। এই গভীর সংকটের মুহূর্তে আমি নেপালের মানুষের পাশে আছি এবং উদ্ধার ও ত্রাণকাজে যাঁরা যুক্ত আছেন, তাঁদের সকলকে কুর্নিশ জানাই।“
















