ফরাক্কায় ধসে কারণে শনিবার সকালেও স্বাভাবিক হল না উত্তর ও দক্ষিণ বঙ্গের রেল পরিষেবা। আজ(শনিবার) সারা দিনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। 

 পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাজি জানিয়েছেন, শুক্রবার রাতের মধ্যেই রেল লাইনের কাজ শেষ হবে। শনিবার সকাল থেকে রেল পরিষেবা স্বাভাবিক হবে। যদিও আজ(শনিবার) সকালে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা হল। সেগুলির বেশির ভাগই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসার কথা ছিল। 

প্রবল বৃষ্টির জেরে নিউ ফরাক্কার কাছে রেললাইনে ধস। যার জেরে বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ কার্যত বিপর্যস্ত। শুক্রবার সকালে  মেরামতিতে নতুন সমস্যা দেখা দিল। মেরামতির কাজ চললেও এলাকায় একটি পুকুরের পাশে নতুন করে ধস নেমেছে। প্রায় ১৫ ফুটের বেশি এলাকা ধসে গিয়েছে বলে খবর। নতুন ধসের জেরে ওভারহেড বৈদ্যুতিক পোলও হেলে পড়েছে। শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন বাতিল ঘোষণা করেছে পূর্ব রেল। আকস্মিক এই বিপর্যয়ে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। 

শুক্রবার দিনভর যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চললেও ফের রেললাইনে ধস নামল ফরাক্কায়। ফলে পুরোপুরি বিচ্ছিন্ন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্টেশনে আটকে পড়া যাত্রীদের শুকনো খাবার ও জল বিলি করে প্রশাসন। আটকে থাকা যাত্রীদের বাসে করে গন্তব্য স্থানে পাঠানোর ব্যবস্থা হয়।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে কিছু ট্রেন বাতিল করা হয়েছে।রেলের কোনও সমস্যা ছিল না। প্রাকৃতিক কারণে হয়েছে। মাটি ভারী বৃষ্টির জন্য নরম হয়ে বসে গিয়েছে। তবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে। লোহার রড দিয়ে ধসে যাওয়া অংশ পাইলিং করা হচ্ছে। সেখানে পাথরকুচি ফেলে শক্ত করা হচ্ছে। তিনি জানান, রেল পরিষেবা পুরোপুরি বন্ধ হয়নি। কিছু ট্রেনের পথ পরিবর্তন করে চালানো হচ্ছে। 

শনিবার সারা দিনে যে ট্রেন গুলি বাতিল করা হয়েছে

নাহারলাগুন–সাঁতরাগাছি স্পেশাল,গুয়াহাটি–হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, বামনহাট–শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, আলিপুরদুয়ার–শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস,হলদিবাড়ি–শিয়ালদহ দার্জিলিং মেল,বালুরঘাট–শিয়ালদহ এক্সপ্রেস,নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস,জলপাইগুড়ি রোড–পদাতিক হামসফর এক্সপ্রেস,রাধিকাপুর–কলকাতা এক্সপ্রে,যোগবাণী–কলকাতা এক্সপ্রেস,কাটিহার– হাওড়া এক্সপ্রেস,রাধিকাপুর–হাওড়া কুলিক এক্সপ্রেস,বালুরঘাট–কলকাতা তেভাগা এক্সপ্রেস,নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহ তিস্তা–তোর্সা এক্সপ্রেস,মালদা টাউন–হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস