পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের মেডিক্যাল কলেজ হাসপাতালের হস্টেল থেকে বিহার থেকে আসা কুড়ি বছর বয়সী চিকিৎসক পড়ুয়া অভিষেক কুমারের (Medical Student Avishek Kumar) ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক অনুমান, ডাক্তারি ছাত্র আত্মহত্যা করেছেন।

বিহারের সীতামারি এলাকার বাসিন্দা অভিষেক দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধের মেডিক্যাল কলেজে প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন। তাঁর হস্টেল রুমমেট জানিয়েছেন, নামাজ থেকে ফিরে আসার পর ঘর বন্ধ থেকে সন্দেহ হয়। ডাকাডাকি করেও অভিষেকের সাড়া মেলেনি। এরপর কলেজে ও হোস্টেল কর্তৃপক্ষকে খবর দিলে তারা দরজা ভেঙে ঢুকে পড়ুয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। হস্টেলের ওই ঘরে তল্লাশি চালানো হয়েছে। এখনো পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। সহপাঠীদের জিজ্ঞাসাবাদও করছেন তদন্তকারীরা। মানসিক অবসাদ কিংবা পরীক্ষার চাপের কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন কিনা তা স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।