মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এবার খোদ দোকান জবরদখলের বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ। যাদবপুরের ওই বিধায়কের নাম শর্বরী মুখোপাধ্যায়। বৃহস্পতিবার প্রতিমা রায় নামের এক মহিলা এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, গত ১২ জুন রাতের অন্ধকারে তাঁর শাড়ি ও জামাকাপড়ের দোকানটি ভেঙে দখল করা হয়। যাদবপুরের বিজেপি বিধায়ক দুই ঘনিষ্ঠ অনুগামী অয়ন পাল ও রাজা রায়ের মদতেই এই ঘটনা ঘটেছে বলে তাঁর অভিযোগ। তবে কেবল বর্তমান বিধায়ক নন, অতীতে তৃণমূলের আমলেও দোকান দখলের চেষ্টা হয়েছিল বলে জানান তিনি।

প্রতিমা রায়ের দাবি, তাঁর কাছে দোকান সংক্রান্ত সমস্ত আইনি নথিপত্র রয়েছে এবং তিনি তা মুখ্যমন্ত্রীকে দেখিয়েছেন। মুখ্যমন্ত্রী তাঁকে দোকান ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে স্পষ্ট জানিয়েছেন, জবরদখল কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এই ঘটনা নিয়ে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, কলকাতায় গত ৭২ ঘন্টায় কতগুলি গন্ডগোল হয়েছে খোঁজ নিতে হবে। নব্য বিজেপি আর আদি বিজেপির মধ্যে ঝামেলা এখন রোজ চলছে, কিন্তু পুলিশ এখন দেখেও দেখছে না। অবস্থা এমন হয়েছে যে, বিজেপির পার্টি অফিসে গিয়ে বিজেপির‌ই বিধায়িকার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন এক মহিলা। বিজেপির‌ই এটা দেখা উচিত।