ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন বাংলার এক তরুণ পরিযায়ী শ্রমিক। বহুতলে লিফট মেরামতের কাজ করার সময় একুশ তলা থেকে নীচে পড়ে মৃত্যু হল তাঁর। মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের থানের মুমরা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুরজ মণ্ডল (২১)। তাঁর আদি বাড়ি উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর এলাকায়। তরুণের আকস্মিক মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই পরিবার-সহ গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। 

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, রুটিরুজির সন্ধানে বেশ কিছু দিন আগেই মহারাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন সুরজ। কর্মসূত্রে সপরিবারে থানের মুমরা এলাকাতেই বসবাস করতেন তিনি। সেখানে একটি বহুতল আবাসনে লিফট রক্ষণাবেক্ষণের কাজ করতেন ওই তরুণ। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ আবাসনের লিফটে আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। খবর পেয়েই লিফট মেরামতের জন্য বহুতলের একুশ তলায় ওঠেন সুরজ। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখানে কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে নীচে পড়ে যান তিনি। উপর থেকে আছড়ে পড়ার ফলে রক্তাপ্লুত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই তরুণ শ্রমিক। সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। 

মাত্র একুশ বছর বয়সেই সুরজের এই মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবারের ভবিষ্যৎ কার্যত অনিশ্চয়তার মুখে পড়ল। পরিবারের একমাত্র রোজগেরে ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিজনেরা। কাজের সময় কোনও উপযুক্ত নিরাপত্তা সরঞ্জাম ছিল কি না, নাকি অন্য কোনও যান্ত্রিক গোলযোগের কারণে এই বিপত্তি, তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।