কখনও মেঘলা আকাশ, কখনও ভাদ্র মাসের চড়া রোদ - প্রকৃতির খামখেয়ালিপোনা দেখে ঋতু চিনতে অসুবিধা হওয়া মোটেই অস্বাভাবিক নয়। ক্যালেন্ডারের পাতায় বর্ষা (Monsoon)বিদায় নিলেও সে কি প্রকৃতপক্ষে চলে গিয়েছে? হাওয়া অফিস (Weather Department) বলছে, বর্ষার বিদায়ের প্রক্রিয়া শুরু হলেও এখনই পুরোপুরি বৃষ্টির মরশুম শেষ হচ্ছে না। দেশের একদিকে মৌসুমী বায়ুর প্রত্যাহারের প্রস্তুতি, অন্যদিকে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সম্ভাবনা,এই দুইয়ের প্রভাবে আগামী কয়েক দিন আবহাওয়ার পরিবর্তন হবে। সঙ্গে জারি বজ্রপাতের সতর্কতা। 

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামী তিনদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। এরপরেও বেশ কিছুদিন একই পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গেও বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। বজ্রপাতের সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর বীরভূম ও মুর্শিদাবাদ জেলার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার থেকে বৃষ্টি কমতে পারে। সোমবার এবং মঙ্গলবার ঝড় বৃষ্টির কোনও সতর্কতা নেই দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে দুর্যোগের হলুদ সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে।