বাংলার আড়াই কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। বিজেপি ক্ষমতায় আসতেই তাঁদের মধ্যে বাদ দেওয়া হয়েছে প্রায় দেড় কোটি মহিলাকে। শনিবার কালীঘাট থেকে ফেসবুক লাইভে এসে অন্নপূর্ণা যোজনায় বাংলার মহিলাদের বঞ্চনা তুলে ধরে বিজেপিকে একহাত নিলেন। তিনি বলেন, আসলে এটা অন্নপূর্ণা যোজনা নয়, মা-বোনেদের ভাতে মারার চক্রান্ত।

রাজ্যের দেড় কোটির বেশি মহিলার নাম সমাজকল্যাণমূলক প্রকল্প থেকে ছেঁটে ফেলা হয়েছে। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় শনিবাসরীয় ভার্চুয়াল গর্জন তোলেন। তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার বেলাতেই হাত গুটিয়ে নিচ্ছে জুমলা পার্টি। দেখা গিয়েছে, উপভোক্তার সংখ্যা ২ কোটি ৪৬ লক্ষ থেকে কমে একধাক্কায় নেমে এসেছে ১ কোটির সামান্য বেশিতে। আমরা ক্ষমতায় থাকাকালীন ২ কোটি ৪৬ লক্ষের কাছাকাছি মা-বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন। আজ শুনছি প্রায় দেড় কোটির ওপর মহিলার নাম কেটে দেওয়া হয়েছে! চারিদিকে আজ আমাদের মা-বোনেরা হাহাকার করছেন। কাজ দেওয়ার ক্ষমতা নেই। লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা কেড়ে নিয়েছে। 

এদিন শুধু অন্নপূর্ণা যোজনাই নয়, রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে তোপ দেগে তিনি আরও বলেন, আজ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি জানি না। মিড-ডে মিলের যে গরিব হেল্পার মায়েরা কাজ করতেন, তাঁরাও আজ হাহাকার করছেন। বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতির নমুনা তুলে ধরে দলনেত্রী জানান, বগটুইয়ের একটা পরিবার এসেছিল। তাদের চার বছর আগে আমি চাকরি করে দিয়েছিলাম। তাদের চাকরি কেড়ে নিয়েছে। আমি আরও অনেককে চাকরি দিয়েছিলাম, তাদের চাকরি কেড়ে নিয়ে বসিয়ে দিয়েছে। এত প্রতিহিংসা কেন?