কয়েকদিন আগেই বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডলের বিপুল সম্পত্তি প্রকাশ্যে এসেছে, এরইমধ্যে টাকা উদ্ধার হল উত্তরবঙ্গে মালদহে। সেখানকার একটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হল। শুধু টাকা নয়, উদ্ধার হয়েছে নিষিদ্ধ কাফ সিরাপও।
রবিবার রাতে মালদহ থানা, দক্ষিণ দিনাজপুর পুলিশ এবং রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন টিম যৌথভাবে মালদহের মঙ্গলবাড়ির একটি ফ্ল্যাটে এই তল্লাশি অভিযান চালায়। ফ্ল্যাটটি এক তৃণমূল কর্মীর। টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে তা গোনার জন্য মেশিন আনতে হয়।
এখনও পর্যন্ত প্রায় ২ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এর পরেই পিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর ফ্ল্যাটের একাধিক ঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ পেটি কাফ সিরাপও বাজেয়াপ্ত করা হয়েছে।
পাশাপাশি মালদহের খইহট্টা এলাকার একটি গুদামঘরেও হানা দেন তদন্তকারীরা। ভোর ৪টে পর্যন্ত সেখানে তল্লাশি চলে। বাজেয়াপ্ত হয় ৯,০০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। সোনাও উদ্ধার হয়েছে তবে তার পরিমাণ জানা যায়নি। একইসঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম পিন্টু সরকার,গোপাল চাকি এবং সুশান্ত হালদার। তিন জনেরই বাড়ি মালদহ থানা এলাকাতেই।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় মালদহে মাদক কারবারের পর্দা ফাঁস হয়েছে। ওই টাকা মাদক বিক্রির সঙ্গে যুক্ত। উদ্ধার হয়েছে ন’হাজার বোতল কাপ সিরাপ। যার মূল্য বেশ কয়েক লক্ষ টাকা। এই ঘটনায় পিন্টু সরকার নামে এক ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫ জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রীপাড়া এলাকা থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়। বাজেয়াপ্ত হয় প্রায় ১৫০০ বোতল কাশির সিরাপ।
















