পুরুষ হোন বা মহিলা, হাসপাতালে নার্সের ডিউটি করার সময় স্বাস্থ্য দফতরের (Heath Department) নির্দেশিকা মতো পোশাকবিধি মেনে চলতে হয়। এবার নতুন করে গাইডলাইন দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্য সরকার (Govt of West Bengal)। নয়া নির্দেশিকায় লেখা, ডিউটির সময় ‘স্মল ক্যাপ’ (Small Cap) পরতে হবে মহিলা নার্সদের।পুরুষ নার্সদের চুলের কাট থেকে জুতোর স্টাইলেও একাধিক পরিবর্তন করার কথা বলা হয়েছে।

রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন সরকারি হাসপাতালে পৌঁছে যাচ্ছেন ডা. শারদ্বত মুখোপাধ্যায়। সম্প্রতি বর্ধমান মেডিক্যাল কলেজে গিয়ে নার্সদের পোশাক দেখে তিনি অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছিলেন। মনে করা হচ্ছিল এরপরই বড় কোনও সিদ্ধান্ত নিতে পারে স্বাস্থ্য দফতর। সেইমতো জারি হল নির্দেশিকা। ডিউটিরত নার্সদের জন্য নতুন পোশাক-বিধিতে কী কী বলা হয়েছে- 

  • • কোনওরকম অলংকার পরতে পারবেন না নার্সরা।
  • • বিবাহিত নার্সরা শুধুমাত্র শাঁখা-পলা এবং ছোট নোজ রিং পরতে পারবেন। 
  • • মহিলা স্টাফ নার্সদের পরতে হবে ‘স্মল ক্যাপ’।
  • • পুরুষ নার্স (স্টাফ নার্স গ্রেড টু মেল) দের কালো ঢাকা জুতো পরতে হবে। 
  • • নার্সিং দায়িত্বপ্রাপ্ত পুরুষেরা দাঁড়ি-গোফ রাখতে পারবেন না, চুল ছোট করে কাটা বাধ্যতামূলক। 

স্বাস্থ্য দফতরের নির্দেশিকা জারি হতেই নার্সেস ইউনিটির পক্ষ স্মল ক্যাপ নিয়ে বিভ্রান্তির কথা জানানো হয়েছে। অনেকেই সার্জিকাল ক্যাপের সঙ্গে গুলিয়ে ফেলছেন।কেউ বলছেন, পুরনো ট্র্যাডিশনাল টুপিটাই থাকুক।নার্স সংগঠনের সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায় জানিয়েছেন এভাবে একতরফা সিদ্ধান্ত নিলে সমস্যা হতে পারে। সবার সঙ্গে আলোচনা করা উচিত ছিল স্বাস্থ্য ভবনের। যদিও সরকারি নির্দেশিকার কোনও পরিবর্তন হবে কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি। এমনিতেই রোগী ভর্তি হওয়ার পর সংশ্লিষ্ট ডাক্তারের ডিউটি আওয়ার্স নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না চিকিৎসকদের একাংশ। এর মধ্যেই নার্সদের জন্য নয়া পোশাক বিধি ও নিয়ম চালু হতেই ফের অসন্তোষ বাড়ছে।