দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের (Baruipur, South 24 Parganas) সূর্যপুর হাট এলাকায় নাবালিকা ছাত্রীর ধর্ষণ খুনের ঘটনার পর নির্যাতিতার পরিবার এলাকায় একটি আউটপোস্টের দাবি জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) কাছে। এবার সূর্যপুরে পুলিশ ফাঁড়ি তৈরি করতে জোড় কদম জমি খোঁজার কাজ শুরু হয়েছে বলে খবর মিলেছে।
গত মঙ্গলবার বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি জানান, প্রয়োজনে ঘর ভাড়া নিয়ে আউটপোস্ট চালু করতে হবে। এই নির্দেশের পরই তৎপর প্রশাসন। ডিজি ও স্বরাষ্ট্রসচিবকে আউটপোস্টের বিষয়টি জানানো হয়েছে। সূর্যপুর এলাকায় পুলিশের একটি ক্যাম্প থাকলেও লিখিত কোনও অভিযোগ দায়ের করতে স্থানীয় বাসিন্দাদের প্রায় দশ কিলোমিটার দূরে বারুইপুর থানায় (Baruipur Police Station) যেতে হয়। সেই কারণেই নতুন পুলিশ ফাঁড়ি চালুর দাবি করা হয় পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে। এতে এলাকায় অপরাধ দমন ও জরুরি পরিস্থিতিতে পুলিশি সহায়তা দেওয়া সহজ হবে বলে মনে করা হচ্ছে। নতুন ফাঁড়িতে বর্তমান ক্যাম্পের তুলনায় আরও বেশি সংখ্যক পুলিশকর্মী ও অফিসার মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
















