এই শিবিরের উদ্বোধন করে অরূপ রায় (অরূপ Roy) ও স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty) জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূলের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে সেবাশ্রয় শিবির করে অগণিত মানুষকে নিখরচায় আধুনিক চিকিৎসা দেওয়ার যে ব্যবস্থা চালু করেছিলেন তাকেই অনুসরণ করে জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূলের উদ্যোগে এই সেবাশ্রয় শিবির চালু করল। যা প্রশংসনীয় উদ্যোগ। আগামিদিনে রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে আমাদের দলের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এই ধরনের সেবাশ্রয় শিবির করা হবে।' মানুষকে ভালো রাখতে একের পর এক উদ্যোগ নিচ্ছে রাজ্যের শাসকদল। একদিকে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সাথী কার্ড ৫ লক্ষ টাকা পর্যন্ত ফ্রিতে চিকিৎসা সুযোগ দিচ্ছে বাংলার মানুষকে, অন্যদিকে স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় পরিষেবার জন্য সেবাশ্রয় শুরু করেছেন অভিষেক। এই হাওড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তাপস মাইতি বলেন, সরকার সাধারণ মানুষের কথা ভেবে সব ধরনের সুযোগ-সুবিধা করে দেওয়ার পরও যেটুকু বাকি থেকে যায় সেই কাজটা তৃণমূলের সৈনিকরা করছে। জগৎবল্লভপুরে এই কর্মসূচি তারই অংশ। কৈলাস মিশ্র বলেন, "এসআইআরের নামে মানুষকে অসুস্থ করে দিচ্ছে বিজেপি আর কমিশন। আর উল্টোদিকে 'সেবাশ্রয়' করে মানুষকে সুস্থতার পথে এগিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এর থেকেই বোঝা যায় কারা বাংলার মানুষের ভালো চায়।"
জগৎবল্লভপুরের সেবাশ্রয় ক্যাম্প থেকে কার্ডিওলজি, গ্যাস্ট্রলজি, ডেন্টাল, জেনারেল মেডিসিন, গাইনোকোলজির চিকিৎসা করার জন্য অন্তত কুড়িটি বিভাগ রাখা হয়েছে । অন্যতম উদ্যোক্তা সুবীর চট্টোপাধ্যায় জানান এখানে বিনামূল্যে ওষুধ দেওয়ার পাশাপাশি যদি কোন ওষুধ না থাকে সেক্ষেত্রে প্রেসক্রিপশন নিয়ে সেই ওষুধ আনিয়ে দেওয়ার কাজও চলছে। যেভাবে মানুষের ঢল নেমেছে তাতে আগামীতে এই শিবিরের সুচি এবং পরিধি দুটোই বাড়ানো হবে বলে চিন্তাভাবনা চলছে বলেও জানান তিনি।

















