পুজোর আগে রাজ্য পরিবহন দফতরের তরফে পার্কিং নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল। এবার থেকে রাতের রাস্তায় বাস দাঁড় করিয়ে রাখার জন্য ৭০০ টাকা ফি ধার্য করা হবে বলে জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Transport Minister Arjun Singh)। রবিবার কাকিনাড়া নারায়ণপুর স্টেডিয়ামে জেলা ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে নাইট পার্কিং ফি-র কথা জানিয়েছেন মন্ত্রী। সম্ভবত দুর্গাপুজোর আগেই এই ব্যবস্থা চালু করা হবে।
আরও পড়ুন: প্রতিমা বিসর্জনের জেরে পাঁচ দিন নিয়ন্ত্রণ চক্ররেলে, বহু ট্রেনের পথ বদল
নতুন এই পার্কিং ফি ব্যবস্থার ফলে বাস মালিকরা নির্ধারিত টাকার বিনিময়ে নিশ্চিন্তে সারারাত বাস রাস্তায় পার্ক করে রাখতে পারবেন। অর্জুন জানিয়েছেন, এই সিস্টেমের ফলে রাজ্যের কিছুটা রাজস্ব আদায়ও সম্ভব হবে। এদিনের অনুষ্ঠান থেকে আমলাতন্ত্রের উপর নির্ভরশীলতা কমানোর বার্তাও দিয়েছেন পরিবহনমন্ত্রী। বলেন সরকারি সমস্ত নির্দেশ ও নিয়ম-কানুন ঠিকমতো মানা হচ্ছে কিনা তা দেখার জন্য শুধু আমলাদের উপর দায়িত্ব ছেড়ে দিলেই হবে না।দফতরের নেতৃত্ব এবং প্রশাসনিক আধিকারিকদের মধ্যে সঠিক সমন্বয় থাকা দরকার। কোনও অভিযোগ এলে বা সমস্যা হলে দ্রুত নিষ্পত্তির ব্যাপারে আরও তৎপর হওয়ারও বার্তা দিয়েছেন অর্জুন।
পরিবহনমন্ত্রী রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে জানান, তাঁর দফতরের পূর্বতন ডিরেক্টরের কাজের দক্ষতায় নিয়ে প্রশ্ন ওঠায় তাঁকে সরিয়ে সেখানে এক অভিজ্ঞ আইএএস (IAS) অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্ধমানের বাস - টোটো সংক্রান্ত জটিলতায় কিভাবে দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে সে কথাও বলেন অর্জুন।
















