আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কার্যালয় ভাঙার উপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)  মামলাটির শুনানিতে ফের সময় চাইলেন অভিষেকের আইনজীবী। একাধিক শুনানিতে একই ভাবে সময় চাওয়ার ঘটনায় এ বার অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি শুভ্রা ঘোষ (Suvra Ghosh)। 

আদালতের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর মামলাটি আবার শুনবে হাই কোর্ট। সেদিন মামলা সংক্রান্ত সমস্ত প্রস্তুতি নিয়ে হাজির থাকতে হবে দু’পক্ষকেই। তা না হলে বর্তমানে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ রয়েছে, তার মেয়াদ আর বাড়ানো হবে না। এমনই সতর্কবার্তা দিয়েছেন বিচারপতি। 

ঘটনার সূত্রপাত গত মে মাসে। আমতলায় (Amtala) অভিষেকের কার্যালয় বেআইনি নির্মাণ বলে অভিযোগ তুলে ১৭ মে অভিযোগ দায়ের করেন সুশান্ত মণ্ডল (Sushanta Mondal) নামে এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতেই পরবর্তীতে প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়। ১৮ জুলাই অফিসের একাংশ ভেঙে দেওয়া হয়। পরের দিন ফের ভাঙার কাজ শুরু হলে বিষয়টি গড়ায় আদালতে। 

রবিবার ছুটির দিনেও জরুরি ভিত্তিতে এজলাস বসিয়ে দফতর ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্ট। ফলে আপাতত বন্ধ রয়েছে ভাঙার কাজ। 

দফতরটি ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর (LEAPS & BOUNDS) নামে রয়েছে। প্রশাসনের তরফে পাঠানো নোটিশও সংস্থার নামেই ছিল। আদালতে সংস্থার আইনজীবীর দাবি, ভাঙার আগে মালিকপক্ষকে যথাযথ ভাবে কোনও নোটিশ দেওয়া হয়নি। কেন নির্মাণটিকে বেআইনি বলা হচ্ছে, কোন অভিযোগের ভিত্তিতে প্রশাসন পদক্ষেপ করছে, এসব বিষয়ও জানানো হয়নি বলে আদালতে দাবি করা হয়। 

আইনজীবীর বক্তব্য, কোনও নির্মাণ বেআইনি প্রমাণিত হলেও সংশ্লিষ্ট মালিকপক্ষকে আগে তা ভাঙার সুযোগ দেওয়া উচিত। কিন্তু সেই সুযোগ না দিয়েই প্রশাসন দফতর ভাঙার কাজ শুরু করেছে বলে অভিযোগ। 

দু’পক্ষের বক্তব্য শোনার পরই আদালত ভাঙার উপর স্থগিতাদেশ দেয়। মামলার পরবর্তী শুনানি ২২ সেপ্টেম্বর। তার আগে অবশ্যই যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করে আদালতে হাজির হতে হবে অভিষেকের পক্ষকে। মঙ্গলবারের শুনানিতে কার্যত সেই বার্তাই দিয়ে রাখলেন বিচারপতি শুভ্রা ঘোষ।