তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের (Trinamool MLA Dilip Mandal) বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির দ্রুত শুনানির আবেদন গ্রহণ করল না কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ফলে নির্ধারিত সময়সূচি মেনেই তাঁর করা মামলার শুনানি হবে বলে জানিয়ে দিল আদালত।

বিষ্ণুপুরের বিধায়ক দিলীপকে গত মে মাসে গ্রেফতার করেছিল পুলিশ। হুমকি, অশান্তি সৃষ্টি-সহ একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া চারটি এফআইআর-এর (FIR) বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন বিধায়ক। সেই মামলাগুলিরই দ্রুত শুনানির আর্জি নিয়ে সোমবার আদালতের দ্বারস্থ হন তাঁর আইনজীবী কিশোর দত্ত (Lawyer Kishore Datta)।

আদালতে দিলীপের আইনজীবী দাবি করেন, মামলা চলাকালীনও তাঁর মক্কেলের বিরুদ্ধে একের পর এক এফআইআর করা হচ্ছে। পুলিশ প্রায় প্রতিদিনই নতুন অভিযোগে মামলা দায়ের করছে বলে আদালতে জানান তিনি। তাঁর দাবি, ইতিমধ্যে দিলীপের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর সংখ্যা ৩৯-এ পৌঁছেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করেই দ্রুত শুনানির প্রয়োজন বলে সওয়াল করেন তিনি।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Justice Saugata Bhattacharyya) বেঞ্চ অবশ্য সেই আবেদন মঞ্জুর করেনি। আদালতের তরফে জানানো হয়, দিলীপের একটি মামলার শুনানি আগামী শুক্রবার হতে পারে। তার আগে বিষয়টি তালিকার বাইরে এনে শুনানি করা সম্ভব নয়। ফলে নির্ধারিত তালিকা মেনেই মামলাগুলির অগ্রগতি হবে।

উল্লেখ্য, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিষ্ণপুর কেন্দ্র থেকে জেতেন দিলীপ। তবে ভোটের ফল প্রকাশের পর থেকেই তাঁকে এলাকায় খুব একটা দেখা যায়নি। সেই সময় থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা দায়ের হতে থাকে। এবার সেই মামলাগুলির দ্রুত শুনানির আর্জিতেও আপাতত হাই কোর্টে মিলল না সাড়া।