মিড ডে মিলে পড়ূয়াদের ডিম দেওয়া বন্ধ হল। বলা হল স্কুলগুলিতে শুদ্ধ, প্রোটিনযুক্ত খাবার পরিবেশন করবে ইসকন। এই নির্দেশের কিছুদিন পরই রাজ্য সরকারের তরফে ফের ঘোষণা করা হল যে, পড়ুয়াদের ডিম দেওয়া হবে। এবার শুধু ডিম নয় আগামী দিনে মিড ডে মিলে মাছও দেওয়া হবে বলে জানালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক।
শনিবার পয়লা অগাস্ট থেকেই কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল দেওয়া হবে। প্রথমে এই জানানো হয়েছিল। পরে রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা হয়, পড়ুয়াদের আলাদা করে ডিমও দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এসএইচজি গ্রুপের (স্বনির্ভর গোষ্ঠী) মাধ্যমে পড়ুয়াদের ডিম দেওয়া হবে।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মন্ত্রী। পড়ুয়াদের মিড ডে মিলে ডিম দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে নিশীথ বলেন, “পড়ুয়াদের মিড ডে মিলে ডিম দেওয়া হবে। মুখ্যমন্ত্রী অত্যন্ত ভালো ঘোষণা করেছেন। বামপন্থী, সেকু-মাকুরা যে কথা বলছিলেন, পড়ুয়াদের প্রোটিনের অভাব হয়ে যাবে। পুষ্টির অভাব হয়ে যাবে, স্বাভাবিকভাবেই তাঁদের মুখগুলো বন্ধ হবে। ডিম কেন? পরবর্তীকালে মাছও দেওয়া হবে।” তিনি আরও বলেন, “যেখানে পুষ্টিযুক্ত খাদ্যের সংযোজন করার প্রয়োজন হবে, রাজ্য সরকার চিন্তা করবে।” কিন্তু কবে থেকে মাছ দেওয়া হবে? পড়ুয়াদের জন্য মাছ কারা রান্না করবে? বিস্তারিত কোনও কথা জানাননি নিশীথ।
















