নিখোঁজ পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের (Tulu Mondal) খোঁজে সিউড়ির সুভাষপল্লির বাড়িতে আদালতের নোটিশ সাঁটিয়ে দিল পুলিশ। পাশাপাশি মহম্মদবাজারে টুলুর নামে থাকা বাড়ি ও সম্ভাব্য একাধিক ঠিকানাতেও নোটিশ গিয়েছে। পাথর খাদান এলাকাতেও মাইকিং করে খোঁজ চালানো হচ্ছে।আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় এসিজেএম আদালতে হাজির হতে হবে অভিযুক্ত ব্যবসায়ীকে।

প্রায় ২০০ কোটির মালিক টুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আগেই। তিনি আত্মগোপন করে আছেন অনুমান করে, এবার প্রকাশ্যে তাঁর নামে আদালতে হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে। দেউচায় মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের ঘটনায় এই টুলুর নাম উঠে এসেছিল। একের পর এক দুর্নীতিতে তাঁর নাম জড়াতেই কলকাতা হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে তিনি রক্ষাকবচ চেয়ে আবেদন করেছেন। যদিও অভিযুক্তের সন্ধান মেলেনি।