এবার এনআরএস হাসপাতালের (NRS Hospital) শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ। রহস্যমৃত্যু। বুধবার রাতে ডিউটির সময় স্ত্রীরোগ বিভাগের এইচডিইউ থেকে উদ্ধার করা হয় মৃতদেহ। কী কারণে তাঁর মৃত্যু হল, তা অজানা।
গতকাল রাতে এইচডিইউয়ের (HDU) দায়িত্বে ছিলেন ওই নার্স। নার্সের নাম রূপালী বর্মন (Rupali Barman)। দীর্ঘক্ষণ তাঁকে কর্মস্থলে দেখতে না পেয়ে সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে শৌচালয়ের ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে অনুমান, শরীরে কোনও ওষুধ ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করানোর জেরে তাঁর মৃত্যু। রোগীদের ঘুম পাড়ানোর জন্য ফেন্টানিল ব্যবহার করা হয়। হাসপাতাল (NRS Hospital) সূত্রে খবর, এই ওষুধ নার্সের কনুইয়ের সন্ধিস্থলের শিরায় ইনজেক্ট করা হয়েছে অনুমান চিকিৎসকদের।
বছর ৩০ বয়সি রূপালী বর্মন আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। সম্প্রতি স্টাফ নার্স হিসেবে এনআরএস হাসপাতালে বদলি হয়ে আসেন। থাকতেন দমদমের এক বাড়িতে।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বর্ষার চোখরাঙানি, স্বাধীনতা দিবসেও দুর্যোগের লাল সর্তকতা!
দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। ২০২৪ সালের অগাস্ট মাসে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চারতলা থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসক-পড়ুয়ার দেহ। ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে। এই ঘটনার পরে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপের কথা বলেছিল তৎকালীন সরকার। তবে এবার সরকার বদলেছে। রাজ্যে বিজেপি সরকার। এই ঘটনার পর কী পদক্ষেপ নেয় সরকার সেটাই দেখার।
















