ফের বর্ষার অতি সক্রিয়তায় দুর্যোগের মুখোমুখি হতে চলেছে দক্ষিণবঙ্গ।আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস অনুযায়ী, ১২ অগস্ট ভোরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে চলেছে। যার ফলে আগামী শনিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টিতে (Heavy Rain) ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। স্বাধীনতা দিবসেও জারি দুর্যোগের লাল সর্তকতা! সমুদ্র উত্তাল থাকার কারণে উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়ার বেগ সর্বোচ্চ ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা। 

বৃহস্পতিবার বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বৃষ্টি চলবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলিতে। শুক্রবার বৃষ্টি বাড়বে পুরুলিয়া- বাঁকুড়া জেলায়। ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান-বীরভূমে। স্বাধীনতা দিবসেও রেহাই মিলবে না। হাওয়া অফিস জানিয়েছে, ১৫ অগাস্ট মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ থেকে আগামী ১৮ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।