বন্ধুদের সঙ্গে মন্দারমণিতে বেড়াতে গিয়ে তলিয়ে মৃত্যু বছর ৪৮ এর সোমনাথ মজুমদারের (Somnath Majumdar)। সমুদ্র স্নানের সময় জোয়ারের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। একই সময়ে সমুদ্রে নিখোঁজ হয়েছেন আরও এক পর্যটক। তাঁর সন্ধানে জোরকদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও নুলিয়ারা।
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার (Maheshtala, South 24 Parganas) তিন নম্বর ঘাট এলাকার বাসিন্দা সোমনাথ। বন্ধুদের সঙ্গে মন্দারমণির সমুদ্রসৈকতে (Mandarmani Beach) গিয়েছিলেন তিনি। জোয়ারের সময় সমুদ্রে নামার পর ঢেউয়ের স্রোতে তলিয়ে যান। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারীরা। স্পিডবোর্ড নিয়ে সমুদ্রে তল্লাশি চালিয়ে কিছুক্ষণের মধ্যেই তাঁকে উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় বালিসাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
অন্য দিকে, এই ঘটনায় নিখোঁজ পর্যটক কমলেশ মণ্ডল (Kamalesh Mandal)। সোনারপুরের (Sonarpur) বাসিন্দা ওই যুবকের এখনও কোনও সন্ধান মেলেনি। তাঁকে উদ্ধারের জন্য কোস্টাল থানার পুলিশ এবং স্থানীয় নুলিয়াদের নিয়ে সমুদ্রে তল্লাশি চলছে। তাঁর খোঁজে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
















