নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের পর এবার রেজিনগর বিধানসভা উপনির্বাচনে নির্দল প্রার্থী সফিউল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। পুরনো একটি মামলায় শনিবার বিকেলে ডোমকল থেকে তাঁকে নওদা থানার পুলিশ গ্রেফতার করে। ভোট ঘোষণার পর পরপর দু’দিনে দুই কেন্দ্রে বিরোধী শিবিরের প্রার্থী গ্রেফতারের ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে।
পুলিশ সূত্রে খবর, নওদার বাসিন্দা সফিউল গত ১৪ সেপ্টেম্বর নির্দল হিসেবে মনোনয়ন জমা দেন। পুলিশের দাবি, বিধানসভা ভোটের আগে নওদার পাটিকাবাড়িতে আম জনতা উন্নয়ন পার্টি ও তৃণমূলের সংঘর্ষের ঘটনায় দায়ের মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন তিনি। দীর্ঘ দিন পলাতক থাকার পর আদালতের পরোয়ানার ভিত্তিতেই তাঁকে ধরা হয়েছে। তবে জেলা পুলিশ স্পষ্ট করেছে, এই পদক্ষেপের সঙ্গে উপনির্বাচনের কোনও যোগ নেই।
অন্যদিকে, সফিউলকে নিজেদের দলের নওদা ব্লক সভাপতি দাবি করে আম জনতা উন্নয়ন পার্টি এই গ্রেফতারিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে তোপ দেগেছে। দলের বক্তব্য, মূল প্রার্থী যাতে লড়াইয়ে থাকতে পারেন, সেই কৌশলগত কারণে সফিউলকে ‘ডামি’ প্রার্থী করা হয়েছিল। ভোট ঘোষণা হতেই বিরোধীদের ভয় দেখাতে পুরনো মামলা টানা হচ্ছে বলে দলের অভিযোগ।
উল্লেখ্য, এর আগে শুক্রবারই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে চারটি পুরনো মামলায় গ্রেফতার করে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।
















