পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল পড়ুয়াদের জন্য এবার চালু হতে চলেছে 'ওয়ান স্টুডেন্ট আইডি'। রাজ্যজুড়ে 'আপার আইডি’ (APAAR ID) তৈরি এবং তথ্য নথিভুক্তিকরণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফে কড়া নির্দেশ জারি করা হল। এই কর্মসূচি পরিচালনার জন্য প্রতি জেলা থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একজন নোডাল শিক্ষক এবং একজন এমআইএস কো-অর্ডিনেটরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। সূত্রের খবর, আগামী ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে রাজ্যে!

বাংলার স্কুল পড়ুয়াদের জন্য ‘এক দেশ এক পরিচয়পত্র’ (APAAR ID) বাস্তবায়িত করতে প্রয়োজন অনুযায়ী অভিভাবকের সম্মতিপত্র ছাপিয়ে প্রতিটি স্কুলে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মেগা এই কর্মসূচিতে রাজ্যের তরফে এটাও বলা হয়েছে যে অভিভাবকদের লিখিত সম্মতি ছাড়া কোনও শিক্ষার্থীর পরিচয়পত্র বানানো যাবে না। জেলা শিক্ষা আধিকারিকদের এই সংক্রান্ত বিশেষ কর্মশালা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। প্রশিক্ষণের পরিধি ও সার্বিক কাজের বাস্তবায়নের জন্য একজন নোডাল অফিসার ও একজন এমআইএস কো অর্ডিনেটর থাকছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক থেকে চূড়ান্ত অনুমোদনের পরই এসওপি জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। আগামী সোমবার থেকেই সার্কেল ভিত্তিক ক্যাম্পের কাজ চালু হয়ে যাবে।

শিক্ষা মিশনের তরফে বলা হয়েছে আগামী ১০ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত স্কুলে এই প্রক্রিয়া একযোগে চালুর নির্দেশ রয়েছে।প্রতিটি জেলার অন্তত দুটি স্কুল এবং দুটি ভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে পরীক্ষামূলক এনরোলমেন্ট ক্যাম্প আয়োজন করা হবে। প্রতিদিন অন্তত ৫০ জন শিক্ষার্থীর নাম APAAR ID-তে নথিভুক্ত করা বাধ্যতামূলক। সার্কেল ভিত্তিক ক্যাম্পগুলোতে নোডাল শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিদিনের কাজের আপডেট অনলাইনে চেক করবেন জেলা শিক্ষা আধিকারিকরা। সমগ্র কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।