নাবালিকা ধর্ষণে অভিযুক্তের বিরুদ্ধে ফাঁসির দাবিতে রবিবার উত্তপ্ত হয়ে উঠে ঝাড়গ্রামের (Jhargram) বেলপাহাড়ির বাসিন্দারা (Resident of Belpahari)। আদিবাসী নাবালিকা স্কুলছাত্রীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে ধৃত টোটোচালকের (Toto Driver) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে বিক্ষোভে যোগ দেন এলাকার অন্য বাসিন্দারাও। তাঁদের মূল দাবি, তদন্তে কোনও গাফিলতি না রেখে দ্রুত মামলার নিষ্পত্তির পথে এগোতে হবে এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
 
এই দাবিকে সামনে রেখেই রবিবার সকালে শিলদা-বাঁকুড়া ৫ নম্বর রাজ্য সড়কে (Shilda-Bankura State Highway No. 5) শুরু হয় অবরোধ। দীর্ঘক্ষণ রাস্তা আটকে থাকায় বিপাকে পড়েন যাত্রীরা। একাধিক গাড়ি দাঁড়িয়ে যায় রাস্তায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বেলপাহাড়ি থানার পুলিশ (Belpahari Police Station personnel)।

অভিযোগের সূত্রপাত গত ২৩ অগাস্ট। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই দিন এক নাবালিকা স্কুলছাত্রীকে টোটোয় করে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার পর ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। ঘটনার পরদিনই পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। রাতেই অভিযুক্ত টোটোচালককে গ্রেফতার করা হয়। আদালতে পেশের পর থেকে সে জেল হেফাজতে রয়েছে।

অভিযুক্ত গ্রেফতার হওয়ার পরও কেন বিক্ষোভ, তার ব্যাখ্যাও দিয়েছেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, ঘটনার তদন্ত দ্রুত শেষ করার পাশাপাশি নির্যাতিতার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা জরুরি। রবিবারের আন্দোলন থেকে অভিযুক্তের ফাঁসির দাবিও ওঠে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে এবং যান চলাচল স্বাভাবিক হয়।