স্বাধীনতা দিবসের (Independence Day) আগে দেশভাগের যন্ত্রণা এবং ঘুরে দাঁড়ানোর ইতিহাসকে শ্রদ্ধা জানাতে আগামী ১৩ ও ১৪ অগাস্ট ‘দেশভাগ স্মরণ দিবস’ (Partition Horror Rememberance Day) পালন করবে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই নবান্নে (Nabanna) এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের (DM) এই বিষয়টি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের চিঠির উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত বলে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে জানা গিয়েছে।
নবান্নে (Nabanna) তরফ থেকে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী দেশভাগের যন্ত্রণাদায়ক স্মৃতি ও দেশবাসীর আত্মত্যাগের কাহিনীকে আরও একবার সকলকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আগামী ১৩ ও ১৪ আগস্ট অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার জেলা প্রশাসনকে উপযুক্ত অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করতে বলা হয়েছে। এই দুদিন জেলার জনবহুল স্থানগুলিতে দেশভাগের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামীদের লড়াইয়ের বিভিন্ন ছবি নথি নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করতে হবে। স্কুল পড়ুয়াদের এতে অংশগ্রহণ করতে বলা হয়েছে। ১৪ অগাস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুক্রবার সন্ধ্যায় জেলা সদরের কোন একটি ব্যস্ত এলাকায় মোমবাতি মিছিলের আয়োজন করার কথা বলা হয়েছে। যেখানে অংশ নিতে হবে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাধারণ নাগরিকদের। রাজ্য সরকারের তরফে বলা হয়েছে এই দুদিনব্যাপী আয়োজনে যাতে কোনও আর্থিক সমস্যা না হয় সেই কারণে প্রতিটি জেলাকে সরকারের তরফে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে।
















