দীর্ঘ দিন পর স্থায়ী প্রধান বিচারপতি পেতে চলেছে কলকাতা হাই কোর্ট। বম্বে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র বিঠ্ঠলরাও ঘুগেকে কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি পদে নিযুক্ত করার সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম।
গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন প্যানেলের একটি বৈঠক বসে। বিচারপতিদের নিয়োগ ও বদলি সংক্রান্ত সেই বৈঠকেই বিচারপতি ঘুগেকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত গৃহীত হয়। শীর্ষ আদালতের তরফে ইতিমধ্যেই এ বিষয়ে বিবৃতি জারি করা হয়েছে। এখন কেন্দ্রীয় আইন মন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেই কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি।
উল্লেখ্য, গত ২০ জুন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে বিচারপতি সুজয় পাল অবসর গ্রহণ করেন। এর পর থেকে আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। এ বার তাঁর জায়গায় স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে আসতে চলেছেন বিচারপতি ঘুগে।
মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের এমপি ল’ কলেজ থেকে আইনি পাঠ শেষ করে ১৯৯০ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন রবীন্দ্র বিঠ্ঠলরাও ঘুগে। বম্বে হাই কোর্টের পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল কোর্টেও বহু গুরুত্বপূর্ণ মামলায় ওকালতি করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। পরবর্তী সময়ে ২০১৩ সালে তিনি বম্বে হাই কোর্টের বিচারপতি হন। চলতি বছরের জুন মাসে বম্বে হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হলে বম্বে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করেন বিচারপতি ঘুগে। সেখান থেকেই এ বার তাঁর নতুন কর্মস্থল হতে চলেছে তিলোত্তমার ঐতিহাসিক হাই কোর্ট।
















