মেসিকাণ্ডে (Messi Kolkata Controversy) এখনই রেহাই পাচ্ছেন না প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৭ জুলাই তাঁকে ফের ডেকে পাঠাল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। গত ডিসেম্বর মাস থেকেই লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, যুবভারতীতে ম্যাচের জন্য তৈরি ৭০ হাজার টিকিটের মধ্যে ২২ হাজার টিকিট জোর করে নিজের কাছে রেখেছিলেন অরূপ বিশ্বাস। পরে সুযোগ বুঝে সেগুলি চড়া দামে বিক্রি করা হয়।

এর আগে ৪ জুন ও ৮ জুনের তলব শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়ে গিয়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। তবে কলকাতা হাইকোর্ট আগামী ১৭ অগাস্ট পর্যন্ত তাঁর ওপর কোনো কঠোর পদক্ষেপ না করার নির্দেশ দিলেও, তদন্তে সবরকম সহযোগিতার নির্দেশ দিয়েছে। উচ্চ আদালতের সেই নির্দেশ মেনেই গত ১৮ জুন প্রথমবার থানায় হাজিরা দেন প্রাক্তন মন্ত্রী। সেদিন প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। কিন্তু তাঁর জবাবে সন্তুষ্ট না হওয়ায় ২২ জুন তাঁকে দ্বিতীয়বার তলব করেন তদন্তকারীরা। এবার সেই একই মামলায় তথ্যের আরও গভীরে যেতে আগামী ৭ জুলাই ফের তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হওয়ার নির্দেশ দিল পুলিশ।