পুজোর মুখে সরকারি কর্মী, শিক্ষক ও পুলিশকর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)। মালদার বন্যা ও ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি জানান, পুজোর আগেই ২০ শতাংশ বাড়তি ডিএ-সহ (DA) আগাম বেতন পাবেন সরকারি কর্মী, শিক্ষক ও পুলিশকর্মীরা। ডিএ-র পাশাপাশি ১২ হাজার পুলিশকর্মী নিয়োগের কথাও জানান মুখ্যমন্ত্রী।
মালদার সভা থেকে একাধিক সামাজিক সুরক্ষা ও উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী অগাস্ট থেকে বার্ধক্য ও বিধবা ভাতা বেড়ে ১,৫০০ টাকা হবে। দিব্যাঙ্গদের জন্য মাসে ৪,৫০০ টাকা পর্যন্ত সহায়তার কথাও জানান তিনি। পিএম কিষাণ প্রকল্পে কৃষকরা ৯,০০০ টাকা করে পাবেন বলেও ঘোষণা করেন। তফশিলি ছাত্রদের জন্য হস্টেল গ্রান্ট হিসেবে ৩,৩০০ টাকা, আগামী বছর কন্যারত্নদের ২,০০০ টাকা এবং উচ্চমাধ্যমিকের পর উচ্চশিক্ষার জন্য তিন বছর পর্যন্ত ৫০ হাজার টাকা দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ইতিহাস মুছে ফেলার চেষ্টা? উত্তর কলকাতায় উধাও বিপ্লবী যতীন দাসের জন্মভিটের স্মারক ফলক
কর্মসংস্থান ও পরিকাঠামো নিয়েও একাধিক ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। ওবিসি সংক্রান্ত জট কাটিয়ে ১২ হাজার পুলিশকর্মী নিয়োগের কথা জানান তিনি। পাশাপাশি রাজ্যে এক লক্ষ নিয়োগ করা হবে বলে ফের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর দায়িত্ব সরকার নেবে বলেও জানান তিনি। ভাঙন মোকাবিলায় কেন্দ্রের CRS-এর ১,৭০০ কোটি টাকা কাজে লাগানোর পাশাপাশি কেন্দ্রের ১২৫ দিনের কাজের প্রকল্পের সঙ্গে রাজ্যের কর্মসূচি যুক্ত করার কথাও বলেন তিনি।
আরও পড়ুন: মৃত্যুশোককেও ছাপিয়ে গেল ক্ষোভ! ‘শয়তানের মৃত্যু’ বলে তীব্র কটাক্ষ তনুশ্রীর
মালদার উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রকের সহযোগিতায় ২৯টি ‘ভাইব্র্যান্ট ভিলেজ’ এবং একটি ‘মডেল ভিলেজ’ তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জেলার ১,২৪৮ কিলোমিটার রাস্তার গর্ত মেরামতের কাজ মহালয়া ও ষষ্ঠীর আগেই শেষ করার আশ্বাস দেন তিনি।















