এক বিজেপির (BJP) অভিযোগ, আরেক বিজেপি নেত্রীর বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার টাকিতে (Taki in North 24 Parganas) ২০১৫ সালের পুরভোট ঘিরে ওঠা হামলা ও ভোট লুটের অভিযোগে এবার প্রকাশ্যেই মুখোমুখি বিজেপির দুই শিবির। তৎকালীন তৃণমূল নেত্রী কিন্তু বর্তমানে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের (Priyanka Banerjee) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন সেই সময়ের বিজেপি প্রার্থী পরিতোষ হালদার (BJP candidate Paritosh Haldar)। এই অভিযোগকে সামনে রেখে সোমবার হাসনাবাদ থানার (Hasnabad Police Station) সামনে বিক্ষোভও দেখান বিজেপির একাংশের কর্মী-সমর্থকরা।
পরিতোষ হালদারের দাবি, ২০১৫ সালের ২৬ এপ্রিল টাকি পুরসভার ভোটে তাঁর পোলিং এজেন্টদের (Polling Agent) মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় এবং ভোট দখল করা হয়। অভিযোগ, পরে আগ্নেয়াস্ত্র (Firearm) দেখিয়ে তাঁকে ভোটকেন্দ্র থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সে সময় রাজনৈতিক পরিস্থিতির কারণে অভিযোগ জানাতে না পারলেও বর্তমানে তিনি হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে প্রিয়াঙ্কা ব্যানার্জির পাশাপাশি টাকি পুরসভার কাউন্সিলর চিন্ময় মণ্ডল, প্রদ্যুৎ দাস এবং নিশি দাসসহ আরও কয়েকজন নেতাকর্মীর নাম রয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করেই হাসনাবাদ থানার সামনে বিক্ষোভে সামিল হন বিজেপির একাংশের কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, বর্তমানে বিজেপিতে থাকা প্রিয়াঙ্কা ব্যানার্জিসহ যাঁদের বিরুদ্ধে দুর্নীতি ও পুরনো ভোট-হিংসার অভিযোগ রয়েছে, তাঁদের রাজনৈতিক পরিচয় না দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। অভিযোগ, অতীতে পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলেই দীর্ঘদিন পর ফের থানার দ্বারস্থ হতে হয়েছে। নতুন সরকারের আমলে অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
















