সব প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা পেরিয়ে লড়াইয়ের ময়দানে টিকে থাকার পাঠই দিয়েছে দল। সেই শিক্ষাকে পাথেয় করেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতিতে কোমর বাঁধছে তৃণমূল ছাত্র সংগঠন। আগামী ২৮ অগাস্টের মেগা সমাবেশ সফল করতে বুধবার রাত থেকেই ময়দানে নেমে তদারকি চালাচ্ছেন সংগঠনের নেতৃত্ব।
রাত থেকেই সমাবেশস্থলের প্রস্তুতি খতিয়ে দেখার পর তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী উপাসনা চৌধুরী জানান, প্রতিকূলতা জয় করে এগোনোর পথই তাঁদের শিখিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবেগ ও উদ্দীপনাকে বুকে নিয়ে ২৭ অগাস্ট রাত থেকেই কর্মী-সমর্থকেরা সভাস্থলে ভিড় জমাতে শুরু করবেন। তিনি জানান, ২৮ অগাস্টের মঞ্চ থেকে দলনেত্রী এবং দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশিকা ছাত্র-যুবদের ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা ঠিক করে দেবে।
প্রতিদ্বন্দ্বী ও বিরোধী শিবিরকে একহাত নিয়ে তিনি দাবি করেন, বিভিন্ন পক্ষ থেকে বিভ্রান্তি তৈরি করার বা নিজেদের ‘আসল’ প্রমাণের চেষ্টা চললেও বাংলার মানুষ বিভ্রান্ত হবেন না। যে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকেন, সেটাই যে তৃণমূল ও টিএমসিপির আসল মঞ্চ, তা মানুষের কাছে দিনের আলোর মতোই স্পষ্ট।
২৮ অগাস্টের তাৎপর্য তুলে ধরে উপাসনা বলেন, এই দিনটি কর্মীদের কাছে দ্বিতীয় জন্মদিনের মতো এক বিশেষ আবেগ। অতীত ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আশাপ্রকাশ করেন যে, প্রতিবারের মতো এবারও আগের সব রেকর্ড ভেঙে ছাত্র-যুবদের বিপুল জমায়েত তৈরি হবে সভামঞ্চে। সেই লক্ষ্যে সাধারণ ছাত্রছাত্রী ও সমর্থকদের সমাবেশে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।
















