চন্দ্রকোনা থানায় পুলিশি হেফাজতে থাকা বন্দি রাহুল রুইদাসের মৃত্যুর ঘটনায় সুবিচার চেয়ে আদালতের দ্বারস্থ হলেন তাঁর পরিবার। ছেলেকে পিটিয়ে খুনের অভিযোগে ঘাটাল মহকুমা আদালতে চন্দ্রকোনা থানার বিরুদ্ধে পিটিশন দাখিল করেছে মৃতের পরিবার। গত রবিবার রাতে চন্দ্রকোনা থানায় পুলিশ হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় রাহুল রুইদাসের (২০)।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর রাতে ডাকাতির অভিযোগে রাহুলকে গ্রেফতার করা হয়েছিল। আদালতে পেশ করা হলে রাহুলের চার দিনের পুলিশ হেফাজত হয়। ১৫ সেপ্টেম্বর রাহুলকে আদালতে তোলার কথা ছিল।
এরপর রবিবার রাতে থানার শৌচাগারে রাহুলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ আত্মহত্যার অভিযোগ তুললেও পরিবার পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে।
মৃত বন্দির পরিবারের দাবি, লকআপে প্রচুর মারধর করা হয়েছিল রাহুলকে। পরিবারের আরও দাবি, ছেলের বিরুদ্ধে চুরি বা ডাকাতির কোনও প্রমাণ মেলেনি। এমনকী রাতে রাহুলকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সে-কথাও পুলিশ জানায়নি তাঁর পরিবারকে। রাহুলের পরিবারের আরও অভিযোগ, মারধর তো বটেই, খেতে পর্যন্ত দেওয়া হয়নি। গোটা শরীরে ছিল কালশিটে দাগ। এই ঘটনায় যে-সমস্ত পুলিশকর্মী দোষী, তাদের শাস্তি চায় পরিবার। আর তাই আদালতের দ্বারস্থ হয়েছে মৃত বন্দির পরিবার।
















