পশ্চিমবঙ্গে আসন্ন জনগণনার প্রস্তুতির মাঝেই গুরুত্বপূর্ণ প্রশাসনিক রদবদল করল কেন্দ্র সরকার। রাজ্যের ডিরেক্টর অব সেন্সাস অপারেশনস (Director of Census Operations) তথা ডিরেক্টর অব সিটিজেন রেজিস্ট্রেশন (Director of Citizen Registration) পদে থাকা আইএএস আধিকারিক রশ্মি কমলকে (IAS officer Rashmi Kamal) নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্র। কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতর জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, প্রশাসনিক কারণে তাঁকে মূল ক্যাডারে ফেরানোর প্রস্তাবে মন্ত্রিসভার নিয়োগ কমিটি অনুমোদন দিয়েছে। নির্দেশ অনুযায়ী, তাঁকে অবিলম্বে বর্তমান দায়িত্ব ছেড়ে পশ্চিমবঙ্গ ক্যাডারে যোগ দিতে হবে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, রশ্মি কমলের পরিবর্তে পশ্চিমবঙ্গের জনগণনার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ওড়িশার ডিরেক্টর অব সেন্সাস অপারেশনস নিখিল পবন কল্যাণকে (Nikhil Pavan Kalyan, Director of Census Operations, Odisha)। তিনি নিজের রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের জনগণনা (Census of West Bengal) সংক্রান্ত সমস্ত কাজের তদারকির দায়িত্বও সামলাবেন।
রশ্মি কমল রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়ার অধীনে পশ্চিমবঙ্গের ডিরেক্টর অব সেন্সাস অপারেশনসের পাশাপাশি ডিরেক্টর অব সিটিজেন রেজিস্ট্রেশন পদেও দায়িত্ব পালন করছিলেন। কেন্দ্রের জারি করা নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, প্রশাসনিক কারণেই তাঁকে এই দুই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জনগণনা শুরুর আগে এই প্রশাসনিক পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
















