পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC)-এর নতুন চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত IAS অনিল বর্মাকে (Anil Verma) নিয়োগ করল রাজ্য সরকার। সোমবার অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতের সংবিধানের ৩১৬(১) অনুচ্ছেদ ক্রমে রাজ্যপালের অনুমোদনক্রমে এই নিয়োগ কার্যকর হয়েছে।

পশ্চিমবঙ্গ (West Bengali) ক্যাডারের ১৯৮৯ ব্যাচের আইএএস আধিকারিক অনিল বর্মা UPSC-র সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে প্রশাসনিক পরিষেবায় যোগ দেন। প্রায় ৩৭ বছরের কর্মজীবনে তিনি রাজ্য প্রশাসনের ২৭টি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

অবসরের আগে তিনি নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অধিকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গ মূল্যায়ন বোর্ডের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বও সামলেছেন। অর্থনীতিতে স্নাতকোত্তর অনিল বর্মা ফরাসি ভাষাতেও দক্ষ। উত্তরপ্রদেশের বাসিন্দার প্রশাসনিক জীবনের প্রায় পুরোটাই কেটেছে পশ্চিমবঙ্গে।

সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দায়িত্ব গ্রহণের দিন থেকেই তিনি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে কার্যকরভাবে দায়িত্ব পালন শুরু করবেন। অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাত কুমার মিশ্র এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন।

সরকারি সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির অনুলিপি মুখ্যসচিব, রাজ্যপালের সচিব, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।