দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে চরম আর্থিক সংকটের মুখে রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে) এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের (এমএসকে) প্রায় ৩৭ হাজার চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মী। এক ধাক্কায় পাঁচ হাজার টাকা সাম্মানিক বৃদ্ধির সরকারি ঘোষণার পরেও নির্দেশিকা জারি না হওয়ায় বর্ধিত ভাতা তো মেলেইনি, উল্টে গত দু’মাস ধরে পুরোনো কাঠামোর পারিশ্রমিকও পাচ্ছেন না তাঁরা।

ওয়েস্ট বেঙ্গল এসএসকে-এমএসকে টিচার্স অ্যান্ড এএস সমন্বয় সমিতির দাবি, শিক্ষা সহায়িকা, শিক্ষা সম্প্রসারক এবং সুপারভাইজার মিলিয়ে হাজার হাজার কর্মীর জুলাই মাসের বেতন এখনও মেলেনি। অন্য দিকে অগস্ট মাস শেষ হতে চললেও সেই মাসের পারিশ্রমিক নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। জেলা প্রশাসনের বদলে সরাসরি ট্রেজারি থেকে বেতন দেওয়ার নতুন প্রক্রিয়া চালু করার জটিলতাতেই এই সমস্যা তৈরি হয়েছে বলে শিক্ষক সংগঠনের অভিযোগ।

সমিতির বক্তব্য, চলতি বছরের ১ অগস্ট থেকে ৫ হাজার টাকা বর্ধিত সাম্মানিক কার্যকর হওয়ার কথা জানিয়েছিল শিক্ষা ও অর্থ দফতর। কিন্তু মাস শেষ হতে চললেও এখনও সেই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি বা নির্দেশিকা প্রকাশিত হয়নি। প্রয়োজনীয় সরকারি নির্দেশ না থাকায় নতুন হারে বেতনের বিল ট্রেজারিতে পেশ করা যাচ্ছে না। ফলে পুরোনো কাঠামোর সামান্য পারিশ্রমিকটুকুও আটকে রয়েছে। সংখ্যালঘু উন্নয়ন দফতরে স্মারকলিপি প্রদান থেকে শুরু করে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও এখনও কোনও স্পষ্ট সমাধান মেলেনি। শিক্ষা দফতরের তরফে প্রযুক্তিগত সমস্যা মেটানোর আশ্বাস দেওয়া হলেও দ্রুত সুরাহার দাবিতে ক্ষোভ বাড়ছে শিক্ষকমহলে।