মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (Midnapore Medical College Hospital) রোগীকে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া স্যালাইন দেওয়ার অভিযোগ! বুধবার বিকেলে বিষয়টি নজরে আসায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাই রোগীর পরিবার। মার্চ মাসে মেয়াদ শেষ হয়ে যাওয়া ডেক্সট্রোজ স্যালাইন দেওয়ার ফলে মানসী দে (Manasi Dey) নামে এক মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে আইসিউতে স্থানান্তরিত করা হয়।

রোগীর ছেলে বিশ্বজিৎ জানিয়েছেন, বুধবার সকাল থেকে তাঁর মাকে স্যালাইন দেওয়া হচ্ছিল। আচমকা মানসী জানান, বুকে সমস্যা হচ্ছে। এরপর ছেলে লক্ষ্য করেন চ্যানেল করে যে স্যালাইন দেওয়া হচ্ছে তাঁর মেয়াদ শেষ হয়ে গেছে। দ্রুত বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হয়। সুপার তথা অধ্যক্ষ ইন্দ্রনীল সেন বলেন, ‘‘ভুল ঠিক প্রশ্ন নয়, রোগী স্টেবল আছেন। পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতালে মেডিসিনগুলি স্টকে থাকে, কোনও ভাবে হয়তো একটা দেওয়ার সাথে সাথেই চিহ্নিত হয়েছে।’’ স্বাস্থ্য ভবনের তরফ থেকে বারো ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।