রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ২৫ থেকে ৩১ অগাস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী সংস্কৃত দিবস পালনের নির্দেশিকা জারি করেছে স্কুলশিক্ষা দফতর। উচ্চ প্রাথমিকের পাশাপাশি প্রাথমিক স্কুলগুলিতেও এই কর্মসূচি উদযাপনের কথা বলা হয়েছে।

দফতর সূত্রে জানা গিয়েছে, সংস্কৃত ভাষার চর্চা ও প্রসারে যুক্ত একটি সংগঠনের অনুরোধের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাচীন ভারতীয় সাহিত্য, সংস্কৃতি ও সমৃদ্ধ ভাষাগত ঐতিহ্যের সঙ্গে পরিচিতি ঘটাতেই এই ধরণের উদ্যোগ সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে এই উদ্যোগের পাশাপাশি স্কুলের সামগ্রিক পরিকাঠামো এবং পাঠদানের পরিবেশের উন্নতির দিকেও গুরুত্ব দেওয়ার কথা বলছেন শিক্ষক ও শিক্ষাবিদদের অনেকে। তাঁদের মতে, প্রাথমিক স্তরে শিশুদের মাতৃভাষার ভিত মজবুত করার দিকে যেমন বাড়তি নজর দেওয়া দরকার, তেমনই শূন্যপদে শিক্ষক নিয়োগ ও প্রয়োজনীয় পরিকাঠামোর দিকে আরও জোর দেওয়া গেলে তা সামগ্রিক শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।