সমাজমাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া একটি ভিডিওকে (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) ঘিরে বিতর্কের মুখে দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) গঙ্গারামপুর ব্লকের নয়াবাজার উচ্চ বিদ্যালয় (Nayabazar High School, Gangarampur Block)। ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাসরুমে এক ছাত্রীকে সিঁদুর পরাচ্ছে এক ছাত্র। এরপরেই নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। ওই ছাত্র ছাত্রী সহ তিন জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অভিযোগ, বিদ্যালয়ের একটি ফাঁকা ক্লাসরুমে এক ছাত্রীর সিঁথিতে সিঁদুর পরায় এক ছাত্র। বিষয়টি সামনে আসতেই অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। শুক্রবার বহু অভিভাবক ও এলাকার বাসিন্দা স্কুলে উপস্থিত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্কুল কর্তৃপক্ষ বৈঠকে বসে এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে।

এরপর ভিডিওতে থাকা ছাত্রীকে এক মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিন ছাত্রকে তিন মাসের জন্য সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ (School Authorities)। বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই পদক্ষেপের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে, তবুও বিদ্যালয়ের শৃঙ্খলা ও নজরদারি নিয়ে অভিভাবক এবং স্থানীয়দের একাংশের মধ্যে অসন্তোষ রয়ে গিয়েছে।