জি ২৪ ঘণ্টার কনক্লেভে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। সেই মঞ্চ থেকে নতুন সরকারের কাজের অগ্রাধিকার স্পষ্ট করে দিলেন তিনি। তাঁর কথায়, সরকারের সামনে মূলত তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রথমত, দেশের নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা। দ্বিতীয়ত, সংবিধান মেনে সরকারের দায়িত্ব পালন। আর তৃতীয়ত, কেন্দ্রীয় সরকারের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সঙ্গে রাজ্যকে যুক্ত করা।
সীমান্ত সুরক্ষার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বর্ডারের জমি বিএসএফকে (BSF) দেওয়া হয়েছে। সীমান্তকে নিরাপদ রাখা সরকারের প্রথম কাজ বলেও তিনি স্পষ্ট করে দেন। একই সঙ্গে হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। তাঁর বক্তব্য, বাংলাদেশ থেকে অবৈধ ভাবে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
দ্বিতীয় কাজ হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এই দায়িত্ব পালনের অঙ্গ হিসেবেই দুবছর পর রাজ্যে ‘বিএনএস’ (BNS) চালু হয়েছে। পাশাপাশি সম্প্রতি রাজ্যে জনগণনার কাজও শুরু হয়েছে বলে জানান তিনি। রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ই থাকবে বলেও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। ইতিহাসের সঙ্গে এই নামের সম্পর্ক রয়েছে বলেই তাঁর যুক্তি।
তৃতীয় অগ্রাধিকার হিসেবে কেন্দ্রের সমস্ত প্রকল্পের সঙ্গে রাজ্যকে যুক্ত করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত না করে সেগুলির সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। সব মিলিয়ে নিরাপত্তা, সাংবিধানিক দায়িত্ব এবং কেন্দ্রীয় প্রকল্প এই তিন ক্ষেত্রকেই নতুন সরকারের কাজের মূল ভিত্তি হিসেবে তুলে ধরেছেন তিনি।















