সাধারণ মানুষের সঙ্গে সেনার মেলবন্ধন আরও সুদৃঢ় করতে এবং জাতীয় সুরক্ষায় নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণের বার্তা দিতে কলকাতায় এক বিশেষ উদ্যোগ নিল টেরিটোরিয়াল আর্মি। আগামী ২৭ ও ২৮ অগাস্ট নিউ আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত হতে চলেছে ‘নো ইয়োর টেরিটোরিয়াল আর্মি’ শীর্ষক দু’দিনের জাতীয় স্তরের সেমিনার। ছাত্রছাত্রী, শিক্ষাবিদ, শিল্পপতি, প্রযুক্তি বিশেষজ্ঞ ও স্টার্টআপ প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সেনার এই বিশেষ শাখার ভূমিকা ও আধুনিক রণকৌশল তুলে ধরাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।
আয়োজক সূত্রে জানানো হয়েছে, মূল পেশার পাশাপাশি দেশের সুরক্ষায় কী ভাবে সাধারণ নাগরিকরা টেরিটোরিয়াল আর্মিতে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, তা তুলে ধরা হবে এই কর্মসূচিতে। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার নিরিখে প্রযুক্তি, স্টার্টআপ এবং অসামরিক বিশেষজ্ঞদের জ্ঞানকে সামরিক ক্ষেত্রে যুক্ত করার নানা দিক নিয়েও আলোচনা হবে।
দু’দিনের এই সেমিনারে মূলত পাঁচটি বিষয়ে জোর দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, উদীয়মান প্রযুক্তি, জন-অংশীদারিত্বে জাতীয় নিরাপত্তা, যুবসমাজের সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণ। বিশেষত বনসৃজন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় টেরিটোরিয়াল আর্মির ‘ইকোলজিক্যাল টাস্ক ফোর্স’-এর অবদান বিস্তারিত ভাবে প্রদর্শিত হবে।
প্রথম দিনে সেনার বিকাশ ও সীমান্তের সুরক্ষার পাশাপাশি ‘বর্ডারস টু বাইটস’ শীর্ষক আধুনিক তথ্যপ্রযুক্তিভিত্তিক আলোচনা, প্রদর্শনী ও তথ্যচিত্র উপস্থাপনা থাকবে। স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারকও। দ্বিতীয় দিনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কপূরের মূল বক্তৃতার পাশাপাশি থাকছে পরিবেশ রক্ষা ও অসামরিক মেধা সমন্বয়ের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে প্যানেল আলোচনা। নির্দিষ্ট সুরক্ষাবিধি মেনে সাধারণ নাগরিকদের জন্যও এই সেমিনারে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।
















