জমি-দুর্নীতি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Trinamool MP Abhishek Banerjee) আপ্তসহায়ক সুমিত রায়ের (Sumit Roy) আইনি লড়াইয়ে বড় ধাক্কা। সোমবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh) শালবনির জমি-সংক্রান্ত মামলায় সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন। ফলে ওই মামলায় তদন্তের স্বার্থে প্রয়োজন হলে তাঁকে গ্রেফতার (Arrest) করার ক্ষেত্রে আর কোনও আইনি সুরক্ষা রইল না। তবে একই দিনে ডেবরার চাকরি-দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করেছে আদালত।
পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) শালবনি এলাকায় সরকারি জমি বেআইনিভাবে দখল করে জাল নথির মাধ্যমে তা বিক্রির একটি চক্র সক্রিয় ছিল। সেই মামলার তদন্তে সুমিত রায়ের নাম উঠে আসে। তবে অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তিনি অধরা। তাঁর সমস্ত ঠিকানায় তল্লাশি চালিয়েও সন্ধান না মেলায় তদন্তকারী সংস্থার আবেদনে নিম্ন আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপরই সেই পরোয়ানা থেকে রেহাই পেতে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি।
শুনানির আগে মামলাটি অন্য বেঞ্চে পাঠানোর আবেদন করা হলেও তা গ্রহণ করেনি হাই কোর্ট। নিয়মিত বেঞ্চেই মামলার শুনানি হয় এবং সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জমি-দুর্নীতি মামলায় আগাম জামিনের আবেদন নাকচ করে দেন। এর ফলে তদন্তে পরবর্তী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আর কোনও আইনি বাধা থাকল না বলে মনে করছে তদন্তকারী মহল।
অন্যদিকে, ডেবরার চাকরি-দুর্নীতি মামলায় আদালত সুমিত রায়কে শর্তসাপেক্ষে আগাম জামিন দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যে তাঁকে তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিতে হবে। ভবিষ্যতে তদন্তের প্রয়োজনে ডাকা হলে সেক্ষেত্রেও তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে বলে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে।
















