ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় (Special Intensive Rivision) পশ্চিমবঙ্গে বাদ পড়া নামের পুনরায় অন্তর্ভুক্তি সংক্রান্ত আবেদনের নিষ্পত্তির জন্য প্রায় এক যুগ সময় লেগে যেতে পারে, সুপ্রিম কোর্টে (Supreme Court) এমনই উদ্বেগের কথা জানালো নির্বাচন কমিশন (ECI)। বলা হয়েছে প্রায় ৩৭ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। ট্রাইবুনালের সংখ্যা যদি না বাড়ানো হয় তাহলে এসআইআর নিষ্পত্তি করতে খুব কম করে হলেও ১২ বছর সময় লাগবে!
আরও পড়ুন: ৬ স্তবক গাওয়া বাধ্যতামূলক! ‘বন্দে মাতরম’ নিয়ে কেন্দ্রের নির্দেশিকায় সুপ্রিম তলব
চলতি বছর রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে SIR প্রক্রিয়ায় বিপুল সংখ্যক নাম বাদ যায়। এরপরই ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করার কথা ঘোষণা করা হয়। তাতেই দেখা গিয়েছে ৩৭ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে যার মধ্যে অন্তত ২২.২১ লক্ষ মানুষ নাম ফেরাতে চেয়েছেন এবং বাকিরা অন্যের নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে আবেদন করেছেন। কমিশনের হিসাব বলছে প্রতি মাসে আনুমানিক ২৫ হাজার ২৩৮ টি মামলার নিষ্পত্তি হচ্ছে। ১৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মোট ৩৭ লক্ষ ৫ হাজার ২৩৫টি মামলা বিচারাধীন ছিল। যে গতিতে কাজ চলছে তাতে ট্রাইবুনাল যদি ছুটির দিন ছাড়া সপ্তাহের সাত দিনই কাজ করে তাতেও কমপক্ষে ১৪৬ মাস সময় লেগে যেতে পারে। তাই তাই নিষ্পত্তির কাজ দ্রুত শেষ করতে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভার জন্য একটি করে ট্রাইবুনাল গঠনের প্রস্তাব দিয়েছে কমিশন।
এই মুহূর্তে ২৪টি ট্রাইবুনাল কাজ করছে, কিন্তু বিপুল সংখ্যক মামলা সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত কর্মী নেই এবং যথেষ্ট পরিকাঠামোর অভাবও রয়েছে। তাই নির্বাচন কমিশন মনে করছে যদি ট্রাইবুনালের সংখ্যা ৪২ করার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বাড়ি থেকে কাজ করার অনুমতিও দেওয়া যায় তাহলে কাজের গতি আরও একটু বাড়তে পারে। কমিশনের উদ্বেগের কথা মাথায় রেখে সাধারণ মানুষের স্বার্থে এখন সুপ্রিম কোর্ট ট্রাইবুনালের সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত কোনও নির্দেশ দেয় কিনা সেটাই দেখার।
















