মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের (Raghunathganj, Murshidabad) রাধাকৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙন ঘিরে উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Trinamool MLA Kunal Ghosh)। বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত কয়েক দিনে অল্প সময়ের মধ্যেই নদী ব্যাপক পরিমাণ কৃষিজমি গ্রাস করছে। ভাঙনের গতি এতটাই দ্রুত যে গোটা এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। যুদ্ধকালীন তৎপরতায় ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলেও তিনি দাবি করেন।

কুণালের বক্তব্য, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে স্থায়ী সমাধানের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। শুধুমাত্র অস্থায়ীভাবে বালিভর্তি বস্তা ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু তাতে বাস্তবে ভাঙন থামছে না বলেই দাবি এলাকাবাসীর। তাঁর কথায়, বর্ষা শেষ হওয়ার পর স্থায়ী নদীভাঙন প্রতিরোধ করা জরুরি, যাতে ভবিষ্যতে একই পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়।

তৃণমূল বিধায়ক আরও বলেন, ভাঙনের মুখে পড়েছে বিস্তীর্ণ কৃষিজমি। জমিই যাঁদের জীবিকা, সেই কৃষক এবং জমির মালিকদের ভবিষ্যৎ নিয়ে বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। একের পর এক জমি নদীগর্ভে তলিয়ে গেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জীবিকা কীভাবে চলবে, তাঁদের এই ক্ষতিপূরণ কে দেবে সেই প্রশ্নও তুলেছেন তিনি। পাশাপাশি, ভাঙন আরও বাড়লে উদ্ধার ও ত্রাণের জন্য আগাম প্রস্তুতি রাখার উপরও জোর দেন তিনি।

মুখ্যমন্ত্রীর (Chief Minister) কাছে আবেদন জানিয়ে কুণাল ঘোষ বলেন, অবিলম্বে সেচমন্ত্রী (Irrigation Minister) এবং জেলাশাসককে ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখা উচিত। তাঁর দাবি, প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ ছাড়া এলাকাবাসীর উদ্বেগ দূর করা সম্ভব নয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।