রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে আরও বেশি গতিশীল, দক্ষ এবং সাধারণ মানুষের কাছে জনমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপে শামিল হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিকেল ৩টেয় আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) সার্ভিসের সমস্ত আধিকারিকদের নিয়ে একটি বিশেষ বৈঠকে বসতে চলেছেন তিনি। 

নবান্ন ও প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত মাঠপর্যায়ের সমস্ত ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) আধিকারিকদের সঙ্গে এই বৈঠকে সরাসরি মতবিনিময় করবেন মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা যাতে আরও দ্রুত এবং কোনওরকম জটিলতা ছাড়া সরাসরি সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। একই সঙ্গে বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন এবং ব্লক ও জেলাস্তরে প্রশাসনিক সমন্বয় বাড়াতে কোন কোন পদক্ষেপ নেওয়া জরুরি, তা নিয়ে আধিকারিকদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা ও পরামর্শ শুনবেন মুখ্যমন্ত্রী। 

প্রশাসনের শীর্ষ স্তরে সমন্বয় বাড়াতে এদিনের বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্য সচিব, মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা ও প্রশাসনিক সংস্কার দফতরের অতিরিক্ত মুখ্য সচিব, অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিবের মতো শীর্ষ কর্তাদের। 

রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, নতুন সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলিকে নিচুতলায় সফলভাবে রূপায়ণ করতে মাঠপর্যায়ের এই আধিকারিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী ডব্লিউবিসিএস আধিকারিকদের কাজের পরিধি ও দক্ষতা বৃদ্ধি নিয়ে বেশ কিছু নতুন নীতিগত দিকনির্দেশ দিতে পারেন, যা রাজ্যের প্রশাসনিক খোলনলচে বদলে দিতে বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।