রাস্তার নাম বদল, জায়গার নাম বদল-বিজেপির (BJP) কালচার- অভিযোগ বিরোধীদের। তাই বলে বাংলার বুকে নেতাজির (Netaji Subhas Chandra Bose) নাম বদলে শ্যামাপ্রসাদের নাম! তুমুল বিতর্ক বীরভূমের (Birbhum) রামপুরহাটে (Rampurhat)। ‘নেতাজি সুভাষ রোড’-এর নাম বদলে রাখা হয়েছে ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রোড’। আর রাস্তার নামের সেই ফলক উদ্বোধনে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। যা নিয়ে তুমুল বিতর্ক রামপুরহাটে।
নেতাজি আউট, শ্যামাপ্রসাদ (Shyamaprasad Mukharjee) ইন-এই নিয়ে জোর চর্চা রামপুরহাটে। রামপুরহাট পুর এলাকার পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার নাম দীর্ঘদিন ধরেই নেতাজির নামে পরিচিত। কিন্তু সম্প্রতি ওই রাস্তায় গেরুয়া রঙের নতুন নামের ফলক বসানো হয়েছে। আর সেখানে লেখা ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি রোড’। ফলক উদ্বোধন করেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা (Dhuba Saha)। বিধায়কের পাশে দেখা যায় রামপুরহাট পুরসভার তৃণমূল চেয়ারম্যান সৌমেন ভকতকেও (Soumen Bhakta)। চেয়ারম্যান বলেন, পুরসভা রাস্তার নাম পরিবর্তনের কোনও অনুমোদন দেয়নি। বিজেপি বিধায়কের দাবি, পুরসভার কোনও নথিতে ওই রাস্তার নাম সংক্রান্ত তথ্য তাঁরা পাননি। তাঁর বক্তব্য, পুর চেয়ারম্যানের উপস্থিতিতেই নামকরণ করা হয়েছে। নেতাজির প্রতি বিজেপির শ্রদ্ধা রয়েছে বলেও দাবি তাঁর।
পুরসভা সূত্রে খবর, বিজেপির তরফে শ্যামাপ্রসাদের নামে নামকরণের আবেদন জমা পড়লেও সেই আবেদন এখনও বোর্ড অনুমোদন করেনি। চেয়ারম্যানের বক্তব্য, নিয়ম মেনে প্রথমে পুরবোর্ডে প্রস্তাব পাশ করাতে হয়। তার পরে রাজ্য প্রশাসনের অনুমোদন প্রয়োজন। ফলে বিধায়ক এককভাবে রাস্তার নাম পরিবর্তন করতে পারেন না।
ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। পুরসভা ও মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাম এবং কংগ্রেস। তাদের দাবি, অবিলম্বে রাস্তার পুরনো নাম ফেরাতে হবে। নেতাজির ছবি দিয়ে রামপুরহাট শহরে পোস্টারও পড়েছে। বলা হচ্ছে, নাম বদল করে অন্যায় ও বেআইনি কাজ করা হয়েছে। বিতর্কের প্রেক্ষিতে বিরোধীদের নিশানা করে বিধায়ক বলেন, নেতাজি আমাদের হৃদয়ে আছেন। তাঁকে শ্রদ্ধা করি। যে সিপিএম নেতাজিকে জীবিত এবং মৃত অবস্থায় অপমান করেছে, তাদের কাছ থেকে জ্ঞান শুনব না। তবে নতুন নামফলক বসানো হলেও রামপুরহাটের ওই রাস্তার বিভিন্ন দোকান এবং সরকারি সমবায় সংস্থার বোর্ডে এখনও ‘নেতাজি সুভাষ রোড’ নামটাই রয়েছে। ফলে রাস্তার নাম পরিবর্তন আদৌ বৈধ কিনা, তা নিয়েই প্রশ্ন উঠ গিয়েছে।
















