ধৃত দেবরাজ চক্রবর্তীর( Debraj Chakraborty) বিরুদ্ধে সব মামলার তদন্ত করবে SIT , তোলাবাজির মামলা ছাড়াও বাকি সমস্ত মামলা গুলিতে তদন্ত করবে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সূত্রের খবর অনুসারে, বিধাননগর পুলিশ কমিশনাররেটের পক্ষ থেকে SIT গঠন করা হয়েছে।
কয়েকদিন আগেই পুরুলিয়া থেকে গ্রেফতার হয়েছেন বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী( Debraj Chakraborty)। তাঁর বিরুদ্ধে তোলাবাজিসহ একাধিক মামলা করা হয়েছে। দেবরাজের ঘনিষ্ঠদেরও তলব করা শুরু করেছে সিট। ইতিমধ্যেই সিটের হাজিরা এড়িয়েছেন বিধাননগর পুর নিগমের ৬ প্রাক্তন কাউন্সিলর।
পুলিশ সূত্রের খবর , বিধাননগর পুর নিগমের ৬ প্রাক্তন কাউন্সিলর ও দেবরাজের এক ছায়া সঙ্গীকে নোটিশ পাঠিয়েছিল SIT । দেবরাজ এবং তাঁর স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে অ্যাকাউন্ট থেকে ৫০ লক্ষ টাকা সরিয়ে ফেলা হয়েছে তাও তদন্তের আওতায় রয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন দেবরাজ। জমি মামলায় ইতিমধ্যেই খোঁজ শুরু হয়েছে অভিষেকের পিএ সুমিত রায়ের। সুমিতের খোঁজ পেতে বেঙ্গল পুলিশের পক্ষ থেকে জেরা করা হয়েছে দেবরাজকে। বাগুইহাটি থানায় বেঙ্গল পুলিশের একটি টিম আসে, সুমিতের বিষয়ে তাঁকে জেরা করা হয়।
উল্লেখ্য, তদন্তে নেমে ঝাড়খণ্ডের এক ব্যবসায়ীর সঙ্গে লেনদেন সম্পর্কিত তথ্য উঠে এসেছে। সেই ব্যবসায়ীর সঙ্গে দেবরাজের রিসর্টে এবং হোটেল সংক্রান্ত নানা সময়ে লেনদেন সম্পর্কিত তথ্য মিলেছে।
















