আর জি কর-সৎকার কাণ্ডে ধৃত সোমনাথ দেকে (Somnath Dey) লক্ষ্য করে ডিমের সঙ্গে ইটও ছোড়া হল। ঘটনায় শুক্রবার খড়দহ থানার (Kardah PS) সামনে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভে শুধু পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ নন, জখম হয়েছেন একাধিক পুলিশকর্মীও।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R G Kar Mediacal College And Hospital) তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর মৃতদেহ সৎকার এবং তথ্যপ্রমাণ সংক্রান্ত বিষয়ে যে অভিযোগগুলি সামনে এসেছিল, সেই তদন্তের সূত্রেই সোমনাথকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছুদিন ধরে গ্রেফতার এড়িয়ে তিনি বেঙ্গালুরু (Bengaluru) ছিলেন কিন্তু শুক্রবার তাঁকে কলকাতায় আনা হয়।
বিমানবন্দর থেকে সোমনাথকে প্রথমে খড়দহ থানায় নিয়ে যায় তদন্তকারীর দল। পরে বারাকপুর আদালতে পেশ করার জন্য তাঁকে থানার বাইরে আনা হয় হলে সেই সময় থানার সামনে জড়ো হওয়া ক্ষুব্ধ জনতা সোমনাথের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁকে পুলিশি নিরাপত্তায় গাড়িতে তোলার সময় আচমকাই ডিম ছোড়া শুরু হয়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
সোমনাথ কে দেখে বিক্ষোভকারীদের একাংশ ইট-পাটকেল ছুড়তে থাকেন এবং তাতে সোমনাথ দে আক্রান্তও হন। পুলিশ নিরাপত্তা দিয়ে তাঁকে দ্রুত গাড়িতে তোলার চেষ্টা করলেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকজন পুলিশকর্মীও আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য থানা চত্বরে তীব্র উত্তেজনাও তৈরি হয়। পরে অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কড়া নিরাপত্তার মধ্যে সোমনাথ দে-কে বারাকপুর আদালতের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
২০২৪ এর আর জি কর-কাণ্ডের পর মৃতদেহ সৎকার এবং তথ্যপ্রমাণ সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে এসেছিল। সেই মামলার তদন্তেই সোমনাথ দেকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি এখনও তদন্তসাপেক্ষ। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসার অপেক্ষায় রাজ্যবাসী।
















