রাজ্য সরকারি কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে নবান্নে একটি বিশেষ জনগণনা শিবিরের সূচনা করা হলো। মুখ্যমন্ত্রীর নির্দেশেই নেওয়া হয়েছে এই প্রশাসনিক উদ্যোগ। এর ফলে কর্মীরা অফিস থেকেই জনগণনা সংক্রান্ত তথ্য জমা এবং প্রয়োজনীয় নথি যাচাইয়ের কাজ সহজেই হয়ে যাবে।
প্রশাসনিক সূত্রের খবর, চলতি জনগণনা প্রক্রিয়ায় যাতে রাজ্য সরকারি কর্মীদের আলাদা করে বিভিন্ন বহিরাগত শিবিরে গিয়ে লাইনে দাঁড়াতে না হয়। এছাড়াও কাজের পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যেই তাঁরা জনগণনার কাজ করতে পারেন তাই এই উদ্যোগ। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মীরা উপস্থিত থেকে আবেদনকারীদের প্রয়োজনীয় সহায়তা করছেন এবং নথি যাচাইয়ের মাধ্যমে সমস্ত অনলাইন প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করে দিচ্ছেন।
নবান্নের এক শীর্ষ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সরকারি কর্মীদের মূল্যবান সময় বাঁচানো এবং সামগ্রিক জনগণনা প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত করাই এই অভিনব উদ্যোগের মূল উদ্দেশ্য। কর্মীরা যাতে কাজের মাঝে কোনও ধরনের হয়রানির মুখে না পড়েন, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
















