পরিবর্তনের বাংলায় মহালয়ার (Mahalaya) দিন রাজ্যে সাংস্কৃতিক মহোৎসব হতে চলেছে। ইডেন গার্ডেন্স জুড়ে ঢাক আর উলুধ্বনির মেলবন্ধনে বিশ্ব রেকর্ড করার পরিকল্পনার পাশাপাশি মঞ্চের সুরেলা নিবেদনে থাকবেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), কুমার শানু, মোনালি ঠাকুর, শান সহ বলিউডের একাধিক নামি শিল্পীরা। একদিকে যেমন থাকবে ড্রোন শো, ঠিক তার পাশাপাশি দুর্গাপুজোয় রাজ্য জুড়ে আয়োজন করা হচ্ছে বিশেষ সাংস্কৃতিক সফর। নাম দেওয়া হয়েছে 'ট্রিবিউট টু মা' (Tribute to Maa)। এই অনুষ্ঠানে দেবী দুর্গার বন্দনাগীতির পাশাপাশি বাংলার লোকসংস্কৃতি, ঐতিহ্যবাহী কৃষ্টি ও উৎসবের সুর রচিত হবে। জানা গিয়েছে ভ্রমণভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে ১০ দিন ধরে। 

বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পর এটাই প্রথম দুর্গাপুজো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) প্রথম থেকেই জানিয়েছেন মহালয়াতে মেগা শো আয়োজন করবে পশ্চিমবঙ্গ সরকার (Govt of West Bengal) । পিতৃপক্ষের শেষ ও মাতৃপক্ষের সূচনা লগ্নে বাংলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রেড রোডে শো থেকে ইডেন উদ্যানের মেগা শো, এ বারের পুজোর অন্যতম আকর্ষণ। বিজয়া দশমীর সন্ধ্যায় বিশেষ আলোর মালায় সেজে উঠবে গোটা কলকাতা। বিদ্যাসাগর সেতু ও বাবুঘাটের মধ্যবর্তী রিভার ফ্রন্ট এলাকা জুড়ে বিশেষ লাইট শো-র ব্যবস্থা থাকছে। আকাশে 'আবার আসবে উমা' থিমে ড্রোন শো হবে। বাবুঘাটে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। দ্বিতীয় হুগলি সেতু থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত নদীবক্ষে আতশবাজির প্রদর্শনী হওয়ার কথা রয়েছে।মহালয়াতে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলার শিল্পীদের পাশাপাশি মঞ্চ মাতাবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রেয়া ঘোষাল। আগমনী গানের পাশাপাশি তাঁর সুরেলা কন্ঠে শোনা যাবে 'বন্দেমাতরম'ও।

আরও পড়ুন: ‘অন্নপূর্ণা দিবস’ পালনের সঙ্গেই গঙ্গার প্রতি ঘাটে প্রদীপ প্রজ্জ্বলন: মোদির জন্মদিনে গুচ্ছ কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'ট্রিবিউট টু মা' (Tribute to Maa) কর্মসূচিতে পাঁচ জায়গায় দু’দিন করে মোট ১০ দিন হবে ভ্রমণভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান।বাঁকুড়ার বিষ্ণুপুর, নন্দীগ্রাম, শিলিগুড়ি, দুর্গাপুর এবং বহরমপুরে মঞ্চ মাতাবেন নামী শিল্পীরা। পঞ্চমীতে দিঘা সমুদ্র সৈকতে আয়োজিত মেগা অনুষ্ঠানে মোনালি, মধুশ্রী, অন্তরা, উজ্জয়নীরা সংগীত পরিবেশন করবেন। তবে দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজ্যব্যাপী এই যে বিশাল অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে তাতে কোন দিন কোথায় কখন কোন শিল্পীর পারফরম্যান্স থাকবে, তা নিয়ে এখনও পর্যন্ত নবান্নের (Nabanna) তরফ থেকে চূড়ান্ত কোনও ঘোষণা করা হয়নি।