বিধায়কদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি আর তোলাবাজির অভিযোগ আসছে। দল এসব বরদাস্ত করবে না। এখনই এসব থামাতে হবে, নইলে রোখা যাবে না। আমার কাছেই অনেক অভিযোগ এসেছে। আমি অমিত শাহজির সঙ্গে কথা বলেছি। দরকারে ২০টা এমএলএ কমে যাবে, সেটাও দল মেনে নেব, কিন্তু তোলাবাজির খবর পেলে দল থেকে তাড়িয়ে দেব। কড়া পদক্ষেপ নেওয়ার আগে নিজেরা শুধরে যান। দলের বিধায়ক সহ নেতৃত্বকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রবিবার নিউটাউনে বিজেপির রাজ্যস্তরের প্রশিক্ষণ শিবিরে জেলা ও রাজ্য নেতাদের তিনি বুঝিয়ে দিলেন, একের পর এক অভিযোগে বিরক্ত ও ক্ষুব্ধ নেতৃত্ব এবার অ্যাকশনে নামছে।

দলের তোলাবাজি, দুর্নীতি রুখতে চাইছে বিজেপি। কারণ, সরকার তিন মাসের মেয়াদ পেরোয়নি, মিডিয়াতে এখন দিনভর বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ। এর মাঝে নতুন প্রজন্মকে পাশে পেতে বিজেপি আগামী দিনে আরও বেশি করে সোশ্যাল মিডিয়া আর এআইয়ের উপর জোর দেবে। রবিবারের প্রশিক্ষণ শিবিরে ছিলেন দলের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক শিবপ্রকাশ, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনশল, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্য সম্পাদক অমিতাভ চক্রবর্তী, সাংসদ রাহুল সিনহা সহ অন্যান্য নেতৃত্ব।