দূরপাল্লার ও লোকাল ট্রেনের পর এবার কলকাতা মেট্রোতেও কার্যকর হতে চলেছে জন বিশ্বাস আইন, ২০২৬। বিনা টিকিটে যাতায়াত, মেট্রো স্টেশনে ধূমপান, অশালীন আচরণ কিংবা নিষিদ্ধ এলাকায় প্রবেশের মতো নানা নিয়মভঙ্গের বিরুদ্ধে এবার আরও কড়া হচ্ছে কর্তৃপক্ষ। নতুন আইনের আওতায় বিভিন্ন অপরাধের ক্ষেত্রে জরিমানার অঙ্ক যেমন এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হয়েছে, তেমনই কয়েকটি ক্ষেত্রে রাখা হয়েছে কারাদণ্ডের নিয়মও। ইতিমধ্যেই যাত্রীদের সচেতন করতে প্রতিটি স্টেশনে নতুন নিয়মের বিজ্ঞপ্তি লাগানোর কাজ শুরু করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো সূত্রের খবর, নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে বিনা টিকিটে ধরা পড়লে ২৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। শুধু টিকিট ছাড়া যাত্রাই নয়, কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরত্ব ভ্রমণ করলেও একই নিয়ম প্রযোজ্য হবে। এ ছাড়া অনেক সময় দেখা যায়, একজন যাত্রী গেট পার হওয়ার সময় তাঁর পিছন পিছন আরও একজন একই গেট দিয়ে বেরিয়ে যান। নতুন নিয়মে সেই ব্যক্তিকেও বিনা টিকিটের যাত্রী হিসেবে গণ্য করা হবে এবং সমপরিমাণ জরিমানা করা হবে।
মেট্রোর কোচ, কামরা এবং ভূগর্ভস্থ স্টেশনে ধূমপান রুখতেও নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। মেট্রো চত্বরে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এই নিয়ম ভাঙলে তাঁকে ২ হাজার টাকা জরিমানা দিতে হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট যাত্রীর টিকিট বা পাসও বাজেয়াপ্ত করা হতে পারে। যদি কেউ জরিমানা দিতে অস্বীকার করেন, তবে তাঁকে আদালতে পেশ করা হবে এবং সেক্ষেত্রে জরিমানার অঙ্ক ৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
পাশাপাশি, মদ্যপ অবস্থায় মেট্রোয় উঠে অন্য যাত্রীদের বিরক্ত করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হবে। এর সঙ্গেই তাঁর বিরুদ্ধে ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা, ২৪ ঘণ্টা পর্যন্ত কারাদণ্ড, অথবা উভয় শাস্তির ব্যবস্থা রয়েছে। মেট্রো চত্বরে অশালীন ভাষা ব্যবহার, অসভ্য আচরণ বা অন্য যাত্রীদের অসুবিধায় ফেললে ২৫০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট যাত্রীর টিকিটও বাতিল করা হবে।
নতুন এই আইনের কোপ শুধু সাধারণ যাত্রীদের ওপরই নয়, মেট্রো কর্মীদের ক্ষেত্রেও সমানভাবে কার্যকর হবে। দায়িত্ব পালনকালে কোনও কর্মী মদ্যপ অবস্থায় ধরা পড়লে তাঁর বিরুদ্ধে এক বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা অথবা উভয় শাস্তির বিধান আনা হয়েছে। এ ছাড়া অনুমতি ছাড়া মেট্রো ট্র্যাক বা অন্য কোনও নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে ৫০০ টাকা জরিমানা করা হবে। জরিমানা দিতে অস্বীকার করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয় শাস্তি হতে পারে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের আবেদন, সকল যাত্রী যেন নিয়ম মেনে চলেন এবং নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতা করেন। মেট্রো আধিকারিকদের বক্তব্য, নতুন আইন পুরোপুরি কার্যকর হওয়ার আগে থেকেই যাত্রীদের সচেতন করার কাজ শুরু হয়েছে, যাতে নিয়ম ও শাস্তি সম্পর্কে সবাই আগে থেকেই অবগত থাকেন।
















