সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে লাভ হল না তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি মামলা কলকাতা হাই কোর্টে ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে মামলাটি যাতে দ্রুত শুনানির জন্য বিবেচনা করা হয়, সেই আবেদনও হাই কোর্টকে জানিয়েছে শীর্ষ আদালত। এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে হাই কোর্টকে।
চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এর আগে হাই কোর্টে আবেদন করেছিলেন অভিষেক। সেই আবেদন খারিজ হয়ে যাওয়ায় সরাসরি শীর্ষ আদালতে দ্বারস্থ হন তিনি। সোমবার মামলার শুনানি হয়।
অভিষেকের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ শুনানিতে জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে প্রায় ১৫০০-র বেশি মামলা রয়েছে। বিভিন্ন মামলার কারণে যদি তাঁর বিদেশযাত্রা আটকানো হয়, তাহলে চিকিৎসা ক্ষতিগ্রস্ত হবে। তিনি উল্লেখ করেন আদালতের নির্দেশে আগে একাধিকবার বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন তৃণমূল সাংসদ।
মামলাটি আবার হাই কোর্টেই ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ। প্রধান বিচারপতি জানান, কলকাতা হাই কোর্টেই এই মামলার শুনানি হবে। তবে, চোখের চিকিৎসার জন্য অভিষেক বিদেশ যেতে পারবেন কি না সে বিষয়ে এক সপ্তাহের মধ্যে উচ্চ আদালতকে সিদ্ধান্ত নিতে হবে।
২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদ থেকে ফেরার পথে সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। গুরুতর আঘাতে বাঁ চোখের নীচের হাড় ভেঙে যায়। এরপর থেকেই চোখের সমস্যায় ভুগছেন অভিষেক। অতীতেও একাধিকবার চোখের চিকিৎসা করাতে বিদেশে গিয়েছেন তিনি। তবে মামলার কারণে আপাতত বিদেশ যাত্রায় আদালতের অনুমতি নিতে হচ্ছে অভিষেককে। এই পরিস্থিতিতে ২০ জুলাই এই মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য (Sougata Bhattacharya) জানিয়েছিলেন, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার আগে নিশ্চিত হতে হবে যে দেশে একই চিকিৎসা সম্ভব নয়। কলকাতার কোনও সরকারি হাসপাতালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চিকিৎসার চেষ্টা করেছেন কি না, তা স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন বিচারপরি। এসএসকেএম (SSKM) হাসপাতালে অভিষেক চিকিৎসা করিয়েছেন কি না, সে বিষয়েও জানতে চায় আদালত। এর পরেই বিচারপতি নির্দেশ দেন, প্রয়োজনে একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড গঠন করে তাদের মতামত নেওয়া নির্দেশ দেন বিচারপতি। সিঙ্গল বেঞ্চ বিদেশযাত্রার অনুমতি না দেওয়ায় ডিভিশন বেঞ্চে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। এদিন শীর্ষ আদালত মামলা ফের হাই কোর্টেই ফিরিয়ে দিল।
















