খড়গপুর আইআইটি প্রাঙ্গণে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। এ বার ক্যাম্পাসের কোয়ার্টার থেকে উদ্ধার হল এক সহকারী অধ্যাপকের ঝুলন্ত দেহ। পুলিশ জানিয়েছে, মৃত শিক্ষকের নাম ড. দীপক রেড্ডি পুল্লাগুরাম। তিনি প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিষ্ঠান প্রাঙ্গণে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৬ বছর বয়সি দীপকের মূল বাড়ি হায়দরাবাদে। কর্মসূত্রে তিনি খড়গপুর আইআইটি ক্যাম্পাসের ‘২ বিআর-১৪’ নম্বর কোয়ার্টারে একাই থাকতেন। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ওই কোয়ার্টারে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে নিরাপত্তারক্ষীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে খড়গপুর টাউন থানার অন্তর্গত হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। এর পর তড়িঘড়ি তাঁকে ক্যাম্পাসের বি সি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খড়্গপুর) বুশরা বানো জানান, এক অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক বিবাদ বা অন্য কোনও ব্যক্তিগত মানসিক চাপের কারণে এই চরম পদক্ষেপ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
















